বাংলাদেশের কাবাডি কি শুধুই আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের নাম? দেশের জাতীয় খেলা হিসেবে পরিচিত কাবাডির উন্নয়ন, খেলোয়াড় তৈরি কিংবা ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব যাদের হাতে, সেই কাবাডি ফেডারেশনের কার্যক্রম নিয়ে উঠছে নানা প্রশ্ন। আন্তর্জাতিক আসরে একের পর এক অংশগ্রহণের খবর মিললেও দেশের মাটিতে কাবাডি আয়োজনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ফেডারেশনের কাছে কাবাডির উন্নয়ন বড়, নাকি আন্তর্জাতিক সফরের ব্যস্ততাই মুখ্য?
জাতীয় খেলা কাবাডির বিদায়ী কমিটিও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে মরিয়া ছিল। তাই তাদের কাছে ঘরোয়া আসর ছিল গৌণ। গত ১৮ জুলাই দায়িত্ব নেওয়ার পর থেকে ফেডারেশনের বর্তমান কমিটির কার্যক্রমও যেন তাই হয়ে দাঁড়িয়েছে। গত দুই বছরের পর্যালোচনা করলে চোখে পড়ে এক অদ্ভুত চিত্র। এই সময়ে বাংলাদেশ ঢাকায় আন্তর্জাতিক আসরে খেলেছে, মেয়েরা বিশ্বকাপ কাবাডিতে অংশ নিয়েছেন, জাতীয় দল এশিয়ান গেমসে অংশ নিয়েছেন, খেলেছেন কমনওয়েলথ কাবাডিতেও। সর্বশেষ নেপালে চার জাতি কাবাডি প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে দল পাঠানোর ক্ষেত্রে ফেডারেশনের তৎপরতার অভাব নেই। অথচ একই সময়ে দেশের মাটিতে আয়োজন করা যায়নি একটি ঘরোয়া প্রতিযোগিতাও। যেখানে চার বছর ধরে বন্ধ রয়েছে লিগের খেলা। আন্তর্জাতিক ব্যস্ততার আড়ালে কার্যত উপেক্ষিত থেকেছে দেশের কাবাডি।
ঘরোয়া প্রতিযোগিতা ছাড়া একটি খেলার ভিত্তি কতটা শক্তিশালী হতে পারে? আন্তর্জাতিক আসরে ভালো করতে হলে খেলোয়াড়দের নিয়মিত খেলার মধ্যে রাখতে হয়। প্রয়োজন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ (প্রিমিয়ার, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ), জাতীয় চ্যাম্পিয়নশিপ, বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং নতুন খেলোয়াড় তুলে আনার কার্যকর পরিকল্পনা। কিন্তু ঘরোয়া আসর না থাকলে খেলোয়াড়রা নিজেদের দক্ষতা যাচাই করবেন কোথায়? নতুন প্রতিভার সন্ধানই বা মিলবে কীভাবে? শুধু আন্তর্জাতিক সফরে দল পাঠিয়ে কাবাডির মানোন্নয়ন সম্ভব নয়।
এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পারফরম্যান্সও উদ্বেগজনক হয়ে উঠছে। যে নেপালের কাছে একসময় বাংলাদেশের সহজ জয়ের প্রত্যাশায় থাকত, সেই নেপালের কাছেই এখন পুরুষ ও নারী দলকে নিয়মিত হারতে হচ্ছে। পুরুষ দলকে কেনিয়ার কাছেও হারের মুখ দেখতে হচ্ছে। অনূর্ধ্ব-২০ দল নেপালে চার জাতি প্রতিযোগিতায় হয়েছে চতুর্থ। এসব ফলাফলকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বরং দেশের কাবাডির প্রস্তুতি, পরিকল্পনা, খেলোয়াড়দের ম্যাচ অনুশীলন এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তাই সামনে আনছে এসব ফল।
অথচ বাংলাদেশের কাবাডির রয়েছে দীর্ঘ ঐতিহ্য ও সম্ভাবনা। এই খেলা দেশের প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয়। সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার সুযোগও রয়েছে। প্রয়োজন শুধু পরিকল্পিত উদ্যোগ, নিয়মিত প্রতিযোগিতা এবং খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশ। ফেডারেশন যদি ঘরোয়া কাবাডিকে সচল রাখতে না পারে, তাহলে জাতীয় দল গঠনের পাইপলাইনও একসময় দুর্বল হয়ে পড়বে। আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন। কিন্তু অংশগ্রহণ আর উন্নয়ন এক বিষয় নয়। প্রতিটি সফরের আগে পর্যাপ্ত প্রস্তুতি, নিয়মিত ম্যাচ খেলার সুযোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি। শুধু দল পাঠিয়ে দায়িত্ব শেষ করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কাবাডি অঙ্গনের সমালোচকদের এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ কোথায়? কবে মাঠে গড়াবে জাতীয় কাবাডি, কবে শুরু হবে বয়সভিত্তিক আসর, কবে খেলোয়াড়রা নিয়মিত প্রতিযোগিতার সুযোগ পাবেন?
এ বিষয়ে কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, ‘আন্তর্জাতিক আসরের বিষয়গুলো আগে থেকেই নির্ধারণ করা ছিল। তাই আমাদের অংশ নিতে হয়েছে। তবে ঘরোয়া খেলাও আমরা শুরু করছি। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট। আর জানুয়ারিতে হবে লিগের খেলা।’
আন্তর্জাতিক আসরে বাংলাদেশের দুরবস্থার কথা জানতে চাইলে আনুর বক্তব্য, ‘নেপালে চারজাতি টুর্নামেন্টে ভালো খেলেও চার দলের মধ্যে চতুর্থ হয়েছি আমরা। আগামীতে আরও ভালো হবে। আর শিগগিরই আমরা দ্বিতীয় বিভাগ স্কুল কাবাডি ও সার্ভিসেস কাবাডি শুরু করব।’