ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী (৩৫) নামে একজন নিহত ও তিনজন আহত হন।

গতকাল বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারচৌকা এলাকার একটি মাঠের ঘসের জমিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।  নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে ককটেল বানাচ্ছিলেন টমাসসহ আরও তিন যুবক। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা যান টমাস। বাকি তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত