চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’, শহরে বিক্ষোভ শিক্ষার্থীদের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা আবারও স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে দাবি আদায়ে ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে চট্টগ্রাম শহরেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে এই শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। সভা শেষে রাত দুইটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দুই মাসের বেশি সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও সংকট নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডে চরম অচলাবস্থা দেখা দিয়েছে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের দ্বিতীয় দফা কমপ্লিট শাটডাউনের কারণে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মঈনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বৃহস্পতিবার কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে কোন পরীক্ষা ছিল না। রবিবার পরীক্ষা রয়েছে। 

এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল তিনটায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিল ও দ্রুত সংকট সমাধানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা নগরীর কাজীর দেউড়ি মোড় ঘুরে পুনরায় আইইবি কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি ও পরীক্ষার কাগজসহ জরুরি সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ মাস ধরে গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে।

কর্মসূচিতে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আমরা ক্লাসে ফিরতে চাই। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও নীতিনির্ধারকদের কাছে আমাদের অনুরোধ, দ্রুত প্রশাসনিক সমাধান করে আমাদের ক্লাস-পরীক্ষায় ফেরার সুযোগ দিন।’

শিক্ষার্থীদের দাবির বিষয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের লক্ষ্য। বিষয়টি আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। 

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতিতে যান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। ওই সময় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। 

১২ অক্টোবর নতুন উপাচার্য ক্যাম্পাসে এলে টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছাড়েন। পরবর্তীতে টানা ৩৬ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ শেষে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হয়। তবে দ্বিতীয় দফায় কমপ্লিট শাটডাউন শুরু হওয়ায় আবারও অচল হয়ে পড়ল উচ্চ শিক্ষার এই প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত