রাষ্ট্রপতি বললেন

শিশুর নিরাপদ শৈশব নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নিতে হবে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:০০ এএম

শিশুর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ এবং তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সংগঠনের সদস্যরা শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারে বিভিন্ন সমস্যা ও অন্যান্য বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। সাদাত রহমান নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মুন অ্যালার্ট দেশব্যাপী কার্যকর করা, দীর্ঘদিন নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রম জোরদারে তারা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান। প্রতিনিধি দলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে তিনি তাদের আশ্বস্ত করেন।

শিশুদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রমে আরও মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দ্য নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের ব্যাপারে খোঁজখবর নেন। সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের সদস্যরা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের আরও কার্যকর ও নিয়মিত সংযোগ এবং সমন্বয়ের ওপর জোর দেন।

মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত