পায়ে আঘাত নিয়ে ফের লোকালয়ে অসুস্থ বন্যহাতি  

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় পেছনের ডান পায়ে আঘাতের চিহ্ন নিয়ে আবারও লোকালয়ে নেমে এসেছে একটি বন্যহাতি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়াপাড়া খেলার মাঠসংলগ্ন জনবসতিতে হাতিটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এর আগেও একই এলাকায় অসুস্থ ও আহত অবস্থায় লোকালয়ে এসে আলোচনায় এসেছিল হাতিটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই বনাঞ্চল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি। এ সময় এটি আশপাশের কয়েকটি বসতবাড়ির গাছপালা ও স্থাপনায় তাণ্ডব চালায়। হাতিটিকে একনজর দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় জমান। এমনকি কিছু স্থানীয় বাসিন্দা হাতিটিকে বনে ফেরানোর উদ্দেশ্যে ঢিল ছুড়লে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

খবর পেয়ে বাহারছড়া এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে নিরাপদে বনের ভেতরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন। 

বাহারছড়া ইআরটি দলের সভাপতি হাবিব হোসেন জানান, হাতিটির পেছনের ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এটিই গত ১৮ নভেম্বর বন বিভাগের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া সেই গুলিবিদ্ধ হাতি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, "আমরা হাতিটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদে গহিন বনে ফেরত পাঠানোর চেষ্টা করছি এবং সাধারণ মানুষকে হাতিটির কাছাকাছি না যাওয়ার ও বিরক্ত না করার অনুরোধ জানাচ্ছি।" বিষয়টি ইতিমধ্যে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়েও টেকনাফের শীলখালী ও জাহাজপুরা গর্জন বাগান এলাকায় পায়ে গুরুতর আঘাত নিয়ে একটি বন্যহাতিকে লোকালয়ে ঘুরতে দেখা গিয়েছিল। পরবর্তীতে ১৮ নভেম্বর কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি দল অভিযান চালিয়ে হাতিটিকে অচেতন করে চিকিৎসা দেয়। সে সময় হাতিটির শরীর থেকে আটটি গুলির ক্ষতচিহ্ন ও খোসা উদ্ধার করা হয়েছিল। বারবার বন্যহাতির এভাবে লোকালয়ে চলে আসা এবং আহত হওয়ার ঘটনায় স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত