নাজিরপুরে অগ্নিসংযোগে নিঃস্ব স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

একটি দোকান ঘিরেই ছিল তার সংসারের স্বপ্ন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেচাকেনা, হাঁস-মুরগি ও গরুর খাবার বিক্রি, পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা—সব মিলিয়ে চলছিল জীবিকার চাকা। সেই দোকানই এখন পুড়ে ছাই। সাজানো ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গায় পড়ে আছে পোড়া মালামাল আর ধ্বংসস্তূপ। চোখের সামনে বছরের পর বছর গড়ে তোলা সম্বল হারিয়ে দিশেহারা নাজিরপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মুরাদ মাঝি। তার দাবি, অগ্নিসংযোগে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, সেই দুশ্চিন্তায় দিন কাটছে তার ও পরিবারের।

গত ১৮ নভেম্বর (বুধবার) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কবিরাজ বাড়ি বাজারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে মুরাদ মাঝির মালিকানাধীন ‘মুরাদ স্টোর অ্যান্ড ভ্যারাইটিজ’সহ চারটি দোকান পুড়ে যায়। স্থানীয় মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি দোকানটি ছিল মুরাদের পরিবারের আয়ের প্রধান অবলম্বন।

মুরাদ মাঝির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার দোকানে আগুন দিয়েছেন। গত ১৭ বছর আওয়ামী লীগের বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকায় এর জের ধরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি মনে করেন।

মুরাদ মাঝি বলেন, ‘দোকানটিই ছিল আমার আয়ের প্রধান উৎস। রাজনীতির পাশাপাশি অনেক কষ্ট করে ব্যবসাটি দাঁড় করিয়েছিলাম। দোকানের প্রতিটি পণ্যের সঙ্গে আমার পরিশ্রম ও পরিবারের স্বপ্ন জড়িয়ে ছিল। এক রাতের আগুনে সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার ব্যবসা শুরু করব, কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।’

উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম বলেন, পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাটিভাঙ্গার অতুলনগর এলাকায় রাত ১১টার দিকে সড়কের ওপর কাঠ দিয়ে আগুন দেওয়া হয়। পরে মুরাদ স্টোর অ্যান্ড ভ্যারাইটিজসহ চারটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত মুরাদ মাঝির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও সদস্যসচিব তৌহিদুল ইসলাম তৌহিদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, অগ্নিসংযোগের ঘটনাটি নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন। এতে মুরাদ মাঝির ব্যবসাপ্রতিষ্ঠানসহ চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত