১ ডিসেম্বর ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি শুরু, আবেদন চলবে ১০দিন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদন গ্রহণ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। গত ২৬ নভেম্বর প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তির এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের চারটি শাখার সবগুলোতে বাংলা ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে ইংরেজি ভার্সনে ভর্তির সুযোগ থাকবে শুধু মূল শাখায়। বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই প্রভাতি ও দিবা—দুই শিফট রয়েছে। ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

এ ক্ষেত্রে মাউশির ২০২৭ সালের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে। আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এ ফি জমা দিতে হবে।

প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় থেকে নবম শ্রেণিতেও শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে। তবে এসব শ্রেণিতে কেবল আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শ্রেণিগুলোর শূন্য আসনের সংখ্যা জানানো হবে। এসব শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ, ভর্তি পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত