রিয়ালের হারের পর মরিনহো, ‘রেফারি ক্ষমতা দেখাতে ভালোবাসেন’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

চলতি মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম হারের তিক্ত স্বাদ পাওয়ার পর ম্যাচের ফলাফলের চেয়েও রেফারি গিয়ের্মো সোতো গ্রাদোর সিদ্ধান্ত নিয়েই বিস্ফোরক ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। আলাভেসের কাছে ২-১ ব্যবধানে অপ্রত্যাশিত এই হারে টানা ১১ ম্যাচের অপরাজেয় যাত্রা থামার পাশাপাশি লা লিগার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছানোর সুবর্ণ সুযোগও হাতছাড়া করেছে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচ শেষে আলাভেস কোচ কিকে সানচেজ ফ্লোরেসের কৌশলী পরিকল্পনাকে অভিনন্দন জানালেও রেফারি সোতো গ্রাদোর বিরুদ্ধে রিয়ালের তারকা খেলোয়াড়দের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ তোলেন পর্তুগিজ এই কোচ। উদাহরণ হিসেবে ২০২৫ সালের এপ্রিলে কিলিয়ান এমবাপ্পে এবং ২০২৫ সালের জানুয়ারিতে ভিনিসিয়ুস জুনিয়রকে লালকার্ড দেখানোর পুরোনো ঘটনার প্রসঙ্গ টেনে তিনি রেফারির মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

রেফারির বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর বরাতে ম্যাচ শেষে মরিনহো বলেন, ‘মাঠে বল ছোড়া এবং পাঁচ সেকেন্ডের নিয়মের ক্ষেত্রে রেফারি খুব বেশি ছাড় দিয়েছেন। এই রেফারি দুই মৌসুম আগে এমবাপ্পেকে লালকার্ড দেখিয়েছেন, গত মৌসুমে ভিনিসিয়ুসকে, আর এবার বেলিংহামকে... দেখা যাক আগামী মৌসুমে কোর্তোয়ার পালা আসে কি না। আমার মনে হয় এই রেফারি নিজের ক্ষমতা দেখাতে ভালোবাসেন, নিজেকে অসাধারণ কিছু প্রমাণ করতে চান।’ 

ম্যাচে জুড বেলিংহামকে ঘিরে তৈরি হওয়া বিতর্কিত পেনাল্টি ও দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনায় ডাগআউটে বসে ট্যাবলেটে রিপ্লে দেখে নিজের প্রাথমিক সংশয়ের কথা অকপটে স্বীকার করলেও শেষ পর্যন্ত শিষ্যের কথাতেই আস্থা রেখেছেন মরিনহো।

বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে রিয়াল কোচ বলেন, ‘পেনাল্টির বিষয়ে আমি আপনাদের কাছে সৎ থাকব; বেঞ্চে বসে ট্যাবলেটে দেখে আমার কাছেও বিষয়টি সন্দেহজনক মনে হয়েছিল, কিন্তু জুড বলছে ওটা পেনাল্টি। যখন খেলোয়াড় বলে ওটা পেনাল্টি, তখন আমাকেও সেটাকে পেনাল্টি ভাবতে হয়। আমাকে খেলোয়াড়কে বিশ্বাস করতেই হবে। ট্যাবলেটে দ্রুত দেখে মনে হয়েছিল পেনাল্টিটা একটু বাড়াবাড়ি হতে পারে, তাই আমার মধ্যে সেই অনুভূতি যেমন আছে, তেমনি জুড আমাকে যা বলেছে সেটার ওপরও নিশ্চয়তা আছে।’

অফিসিয়াটিং নিয়ে অভিযোগের পাশাপাশি নিজের দলের শারীরিক ক্লান্তিকেও পরাজয়ের অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন মরিনহো।

এছাড়া দলের পারফরম্যান্স ও প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশল বিশ্লেষণ করে তিনি আরও বলেন, ‘আমি একমত। কিকে নিজের পরিকল্পনা অনুযায়ী খেলেছেন, যা আমাদের জন্য অবাক করার মতো কিছু ছিল না। ওরা যেভাবে রক্ষণ সামলেছে, তার বিপক্ষে খেলার অভ্যস্ততা তৈরি করতেই গতকাল আমরা অনুশীলন করেছিলাম। ওদের ভাগ্য ভালো যে রেফারি সময় নষ্ট ও খেলা থামানোর ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছেন। আমাকে আরও উত্তর খুঁজতে হবে, তবে আমার কাছে একটি বিষয় স্পষ্ট: দলের শারীরিক সতেজতার অভাব ছিল।’

এই হারের ধাক্কা সামলে ওঠার আগেই মিডউইকে (আগামী বুধবার) আনোয়েতায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কঠিন অ্যাওয়ে ম্যাচে একাদশ সাজানো নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন মরিনহো। আলাভেসের বিপক্ষে দুই হলুদ কার্ড দেখে লালকার্ড পাওয়ায় জুড বেলিংহাম এবং চলতি লিগ মৌসুমে পঞ্চম হলুদ কার্ড দেখায় ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে নিষেধাজ্ঞার কারণে সোসিয়েদাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামতে পারবেন না।

সর্বশেষ সর্বাধিক পঠিত