ঢাবি ছাত্র বানালেন হিরো আলমের ভাস্কর্য

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ছাত্র উত্তম কুমারের তৈরি নিজের একটি ভাস্কর্য নিয়ে উচ্ছ্বাস জানালেন সোশাল মিডিয়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ওই ভাস্কর্যের সঙ্গে তোলা একটি সেলফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য।’

তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রাত সাড়ে ১১টা পর্যন্ত ৮৪ হাজার লাইক এবং ৫ হাজার মন্তব্য পড়েছে। জুয়েল আহমেদ নামে এক ব্যবহারকারী মন্তব্যে লিখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার নামে একটা হল নির্মাণের দাবি জানাই।'

আবু নাসের নামে আরেকজন মন্তব্যে লিখেন, 'চেষ্টা আর ভাগ্য দুইটা আপনি সফল'।

ভাস্কর্যটির নির্মাতা উত্তম কুমার জানান, ২০১৮ সালে স্টাডি ওয়ার্ক হিসেবে হিরো আলমের ক্যারেক্টারটা নিয়ে ভাস্কর্যটা তৈরি করি। এটা শুধু ভালো লাগার জায়গা থেকেই করা। হিরো আলমকে ক্যারেক্টার হিসেবে গ্রহণ করার কারণ হচ্ছে, তাঁর চেহারার মধ্যে অন্য রকম একটা ব্যাপার আছে, যেটা আমরা ভাস্কররা খুব পছন্দ করি। ওই ধাঁচটা সাধারণ মানুষের চেহারায় থাকে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত