মাটিখেকো নরইঁদুর

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১১:৫৫ পিএম

প্রাণী ইঁদুররা মাটিখেকো নয়, বসবাসের জন্য গর্ত করে। খরগোশ, শজারু, শেয়াল, বন্যকুকুর ইত্যাদি প্রাণীরাও তাই করে। জলাশয়ের মাছদের মধ্যে কোনো কোনো প্রজাতিও মাটি খুঁড়ে গর্তে বসবাস করে। অমেরুদন্ডী প্রাণী কেঁচো মাটি খনন করে বসবাস করে। ওরা মাটিখাদক, কিন্তু উর্বরা শক্তিদান করে মাটিকে। আধুনিক চাষের প্রধান যে উপকরণ জৈব সার, কেঁচো সার নামে যার পরিচয় তা কেঁচোরই দান। আমাদের পরিচিত মাছদের মধ্যে বেলে মাছের পোনা অতিক্ষুদ্র বালিকণা খাদ্য হিসেবে গ্রহণ করে। এই মাছের নামকরণও বালি থেকেই এসেছে। তা ছাড়া পাখি বা প্রাণীদের কেউ কেউ খাদ্যের বিষক্রিয়া থেকে আত্মরক্ষার জন্য বিশেষ ধরনের খনিজ মাটি খেয়ে থাকে। কিন্তু বাংলাদেশের একশ্রেণির অর্থলোভী মানুষই বোধকরি পৃথিবীর শ্রেষ্ঠ মাটিখেকো প্রাণী। ওদেরই অন্য নাম নরইঁদুর।

মানবসভ্যতার ইতিহাস ঘাঁটলে দেখা যায় মাটিকে খেয়ে ফেলা বা অত্যাচারের অভ্যাস খুব প্রাচীন। কৃষিসভ্যতার বিকাশের যুগে শুধু অরণ্য নয়, তৃণ নয়, প্রকৃতির দান হাজার হাজার পাহাড় ধ্বংস করেছে মানুষ। সমতল খামার ভূমি তৈরি করেছে। এতে ওই এলাকার প্রকৃতির চরিত্রই পাল্টে যায়। সর্বনাশের শুরু শিল্পবিপ্লবের আধুনিক যুগে। শিল্প-কারখানা তৈরি থেকে শ্রমিক কলোনি তৈরিতে পাহাড়কে হত্যা করা হয়। এর ফলে ইউরোপে কোনো এলাকায় ঠান্ডা এবং কোনো এলাকায় উষ্ণতা বৃদ্ধি পায়। আফ্রিকা থেকে দাস সংগ্রহ এবং উপনিবেশের প্রজাদের শাসক দেশে আগমনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। প্রয়োজন পড়ে ভূমির। আবাসনের। নগরায়ণের। এর ফলে ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রকৃতির ওপর প্রভুত্ব বিস্তার করে। দুগ্ধ উৎপাদনের নামে, মাখন বা চিজ তৈরির জন্য হল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া গোচারণভূমির জন্য পাহাড় ধ্বংস করেছে। পুঁজিবাদী মুনাফার লোভ প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে।

আধুনিক এই যুগে মহাসমুদ্রের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র তাদের নগর রক্ষার্থে জনবসতিশূন্য ছোট দ্বীপগুলো থেকে মাটি-পাথর সংগ্রহ করতে গিয়ে সাগরবুকে বিলীন করে দিয়েছে অসংখ্য দ্বীপ। মালদ্বীপ তাদের অন্যতম। রাজধানী মালেকে সমুদ্রের ঢেউ থেকে রক্ষার জন্য অন্য রাষ্ট্রের দ্বীপের মাটিও কিনতে হয় তাকে। সমুদ্রবন্দর বা মার্কিন নৌঘাঁটি নির্মাণের নামে মার্কিন এবং চীনারা এভাবে কত যে দ্বীপ গিলে ফেলেছে তার হিসাব নেই। দুর্বল দ্বীপরাষ্ট্রগুলো সাম্রাজ্যবাদী আর আধিপত্যবাদী রাষ্ট্রের কাছে বাধ্য হয়েছে সামান্য অর্থের বিনিময়ে সার্বভৌম ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ লিজ দেওয়ার নামে বিক্রি করে দিতে। একই বলে ভূমি সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদের এতই ক্ষুধা যে, সে মাটি, পাতাল থেকে মহাকাশের, মহাসমুদ্রের সবকিছু গিলে খায়।

সিঙ্গাপুরের মতো ক্ষুদ্র অথচ ধনী রাষ্ট্র কিংবা চীনাদের অধীন স্বায়ত্তশাসিত হংকংয়ে মাটি বলে কিছু দৃশ্যমান নয়। সবই পায়ের তলায় পিষে মেরেছে অতিকায় বাড়িঘর। বাংলাদেশ আয়তনে খুবই ছোট একটি দেশ। বাঙালি জাতির একমাত্র স্বাধীন দেশ। ধনে-মানে যতই সে বড় হচ্ছে অর্থাৎ পুঁজিবাদ শক্তিশালী হচ্ছে, ততই সর্বগ্রাসী হয়ে উঠছে। এমনিতে দেশটির মাটির চেয়ে মানুষ বেশি, তার ওপর দেশটি পুঁজি আর মুনাফার খুদে দানবে পরিণত হচ্ছে। বাঙালির বেশির ভাগ ওই পুঁজির আর মুনাফার শোষণটা ততটা বুঝতে পারে না, ভাবে ওরা দরিদ্র থেকে বিত্তবান হচ্ছে। ওই যে প্রবাদ আছে‘দাদায় কইছে... ভাই, আনন্দের আর সীমা নাই।’ ৯৫ জনকে ঠকিয়ে ৫ জন যে লুটে নিচ্ছে, বিষয়টা তাদের বুঝিয়ে দেওয়ার রাজনীতিটা দেশে খুবই দুর্বল।

দেশটার সমুদ্র আছে, প্রকৃত অর্থে দ্বীপ বলতে তেমন কিছু নেই। সবেধন নীলমণি যা-ও একটা আছে অতিক্ষুদ্র প্রবাল দ্বীপ, তাতে রাক্ষসের মতো হামলে পড়েছে ভূমি নরইঁদুররা। পর্যটনের নামে ধ্বংস করছে তাকে। মূল্যবান পাথর সংগ্রহের নামে দ্বীপটির ভিত্তিভূমি তলদেশ ইঁদুরের মতো ফোকলা করে দিচ্ছে। একটা ভূকম্পন কিংবা সুনামি আঘাত করলে কখন যে সমুদ্রে বিলীন হয়ে যাবে, তার ভাবনা ভাবার আবার লোকের অভাব। হায়রে সেন্টমার্টিনস!

তা ছাড়া উপকূল বা নদী মোহনায়, যা ভূমি আছে সবই অত্যন্ত দুর্বল পলিমাটিতে গড়া চরমাত্র। ঔপনিবেশিক যুগ শুরুর আগেই সন্দ্বীপ চরটিকে আবিষ্কার করেছিল পর্তুগীজরা। ওরা বুঝেছিল এর স্থায়িত্ব অনন্তকাল নয়। তাই ধর্মপ্রচারের জন্য একটি গির্জা আর নাবিক-জলদস্যুদের জন্য ক্ষণস্থায়ী আবাস গড়েছিল। তাও টিকল না দুটি কারণে। একটি হচ্ছে দ্রুত ভাঙন, সমুদ্র গ্রাসে দ্রুত ভূমি বিলীন হয়ে যাওয়া। অন্য কারণটি হচ্ছে দিল্লির মুঘল সম্রাটের আক্রমণ এবং ইংরেজ বণিকদের প্রবল চাপ। আজ সেই সন্দ্বীপ সমুদ্রের মহাগ্রাসে পতিত। মাটি কেন, এক দিন তার নামটিও হারিয়ে যাবে। বাঙালি ভূমিগ্রাসীরা এটা বুঝতে চায় না। সন্দ্বীপের বনাঞ্চল আর তৃণভূমি দখল করেছে ভূমিদস্যুরা। প্রাচীন বন কেটে, গভীর শেকড় প্রবাহী আদিম তৃণকে ধ্বংস করে দ্রুত ঘটাচ্ছে ভূমিক্ষয়। সর্বনাশ যে দ্রুত এগিয়ে আসছে তা বুঝতে চায় না ওরা। রুদ্র প্রকৃতি যে চরাঞ্চলকে গ্রাস করে ক্রমেই এগিয়ে আসছে মূল ভূখ-ের দিকে তা হয়তো টের পাচ্ছে নোয়াখালী-বরিশালের স্থানীয় দরিদ্র মানুষ। ওরা দুর্বল, কিছু করার নেই তাদের।

শুনতে যতই খারাপ লাগুক, স্বাধীনতার অনেক উদ্দেশ্যের ভেতর গোপন যে উদ্দেশ্যটি ছিল তা হচ্ছে বিত্তবান হওয়া আর ক্ষমতাবান হওয়া। অর্থ-বিত্তের সঙ্গে চুরি-চামারি, লুটপাট, দুর্নীতির গভীর সম্পর্ক। টাকা বানানোর জন্য সবচেয়ে ঝুঁকিহীন হচ্ছে মাটি বা বালি লুণ্ঠন। বিষয়টি বাঙালি প্রথম জানল একাত্তরের পর। নগরায়ণ বা পরিকাঠামো উন্নয়নের জোয়ার আসে সরকারি ও বেসরকারি খাতে। দ্রুত উদ্ভব ঘটে ঠিকাদার নামক মানবপ্রজাতির। ওদের হাত ধরেই রাজধানী শহর ঢাকার সীমানা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে। নদী-নালা, বিলঝিল জাদুমন্ত্রের মতো হাওয়া। এমন একটি নদী নেই যার তলদেশের বালি থেকে দুই পাড়ের মাটি লুণ্ঠিত না হচ্ছে। নদীর স্তব্ধতা, নির্জনতা খানখান করে নদীগর্ভ থেকে তোলা হচ্ছে বালি, যন্ত্র বা ড্রেজারের মাধ্যমে। অপরিকল্পিতভাবে এই বালি উত্তোলনের ফলে বর্ষার শুরুতেই শুরু হয় নদীভাঙন। বিনেপয়সায় নদীগর্ভ আর চরের বালিখাদান দখল করে কোটি কোটি টাকা উপার্জন এত সহজে আর কোথায় হচ্ছে? ওপরমহল আর পোষা মাস্তান বাহিনী, এই হচ্ছে পুঁজি।

রাতের নির্জনতাকে উচ্চনাদে কাঁপিয়ে শত শত ট্রাকবোঝাই বালি অন্ধকার বিদীর্ণ করে ছুটছে শহরে। এরাই আবার ফিরে আসছে শস্যভূমির মাটি দরিদ্র মানুষকে দুপয়সা দিয়ে বা ভয় দেখিয়ে দখল করে তুলে নিয়ে যথাস্থানকে ভরাট করে বাড়িঘর বানানোর কাজে। শুধু কাঁচামাটি দিয়ে কাজ হয় না। দরকার শক্ত বা পোড়ামাটি অর্থাৎ ইট। ইট তো আর শূন্য আসমান থেকে নেমে আসে না। তৈরি করতে হয় ব্রিকফিল্ডে। মাইলের পর মাইল শস্যভূমির বুক খামচে মাটি তুলে আর নদীর পলিমাটি লুট করে ইট পোড়ানো হয়। ইটের বড় বড় ভাটা দেখলে দূর থেকে মনে হয় ধরিত্রীর বুকে জ¦লছে এক মহাশ্মশান। সভ্যতা পুড়ে রক্তবর্ণ অঙ্গার হয়ে যাচ্ছে। ইট তো নয়, পৃথিবীর জমাট রক্তে তৈরি রক্তশিলা।

বাংলাদেশের শস্যদায়িনী প্রকৃতির দান পলিমাটির অর্ধেক আজ লোহিতবর্ণ পাথর বা ইট হয়ে গেছে। মাতৃভূমির বুকের রক্তমাংস আগুনে পুড়ে বাঙালি আজ নগরবাসী উন্নত জাতিতে পরিণত হচ্ছে! শুধু কি তাই? তা রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করছে বুক চেতিয়ে। নর্থ-ইস্ট ইন্ডিয়া বা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, মণিপুর, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলোতে সেই ইট, যা বাংলাদেশের পলল মাটি দিয়ে তৈরি, তা রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক নদীগুলো তাদের জলপ্রবাহকে দেশান্তরে পাঠায়, সেই জল প্রাকৃতিক নিয়মে সমুদ্র, বৃষ্টি, মেঘ হয়ে বর্ষায় ফিরে আসে বারবার।

কিন্তু কয়লা, গ্যাসপোড়া মাটির ইট, তা সাধারণ হোক চাই কী উন্নত সিরামিক ইট হোক, রপ্তানি হলে সে আর কি তার ধরিত্রী মাতার বুকে ফিরে আসে? আসে না তো, তা হলে? মাতৃভূমির বুক পরিণত হয় যে পোড়ামাটির অনুর্বর খানাখন্দে, মৃত মাটির কঙ্কালে, সে কি আর কোনো দিন যৌবন ফিরে পায়? পায় না। একাত্তরের বাঙালি শহীদের রক্তে ভেজা উর্বর মাটি নিয়েও মুনাফার বাণিজ্য করতে এতটুকু দ্বিধা করে না। এ না হলে আর বাঙালি!

বুড়িগঙ্গা। ইতিহাসের সাক্ষী। বাংলার প্রথম শহীদ এবং শেষ নবাব সিরাজ-উদ-দৌলা এই নদীর বুক বেয়েই মুর্শিদাবাদ থেকে ঢাকা নগরীতে এসেছিলেন। শেষবারের মতো খাসমহলে ফিরেও যান। শহীদ বাংলার নবাবের স্মৃতিময় বুড়িগঙ্গার বুকের জলতলের মাটি আজ অদৃশ্য, অস্পর্শ। হাজার হাজার টন প্লাস্টিক-পলিথিন বর্জ্যে নদীর তলদেশ ঢাকা পড়ে গেছে। নদীর দুই তীরের মাটি অদৃশ্য। দ্রুত সংকীর্ণ নালায় পরিণত হচ্ছে এককালের প্রমত্তা বুড়িগঙ্গা। শত কি দুইশত বছর পর এ নদী নগর বর্জ্যবাহী নালায় পরিণত হবে। মাটি রাক্ষসের উদরে চলে গেছে নদীপাড়ের মাটি। বড় বড় অট্টালিকার পদতলে পদভারে আর্তনাদ করছে বুড়িগঙ্গা। বাঙালির শুধু নগরসভ্যতার স্মৃতি নয় বুড়িগঙ্গা। বাঙালির প্রবহমান ইতিহাস, তার সংস্কৃতি, সাহিত্য, অর্থনীতি এবং রাজনীতির সাক্ষ্য বহন করে এ নদী। প্রাচীন বাংলার প্রথম মানচিত্র এঁকেছিলেন যে রেনেল সাহেব তার নদ-নদীর সঙ্গে বুড়িগঙ্গারও নাম ছিল। আক্ষেপ এই, বাঙালি তার জাতীয় ঐতিহ্যের এই নদীটিকে হত্যা করে তার রক্তমাংস গিলে-চিবিয়ে খেয়েছে। প্রাচীন গ্রিকদের ইতিহাসে, মুঘল-সুলতানি ইতিহাসে, গুপ্তযুগের ইতিহাসে এবং ইংরেজদের ইতিহাসে বুড়িগঙ্গা যৌবনবতী নদী ছিল। বার্ধক্য অর্থে নয়, বরং আদরের বালিকা অর্থে তার নাম হয় বুড়িগঙ্গা। ভূমিদস্যু বা মাটিগ্রাসীরা চির কৈশোরের এই নদীটাকে বাঁচতে দিল না। সে যেন ধর্ষিত বিধ্বস্ত করুণ বালিকা।

আমার জন্ম নদী শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা আমার অস্তিত্ববিশ্ব। আমার সাহিত্যের, চিন্তা-চেতনা-দর্শনের অসীম এক জগৎ সে। মাতৃগর্ভ থেকে তার প্রসবের স্থান বরমী-কাপাসিয়া। ব্রহ্মপুত্রের শাখা নদী কালিবানার নদী থেকে সে জাত। সেখানে গেলে দেখা যায় বালিদস্যুদের ড্রেজার কীভাবে খুঁড়ে খাচ্ছে তার অতল জলের বুক। নদীর কলজে-হৃৎপিন্ড-ফুসফুস চিবিয়ে খাচ্ছে বালিদস্যুরা। বর্ষায় পাড় ভাঙছে। অচেনা হয়ে যাচ্ছে শীতলক্ষ্যার জন্মশয্যা। শীতলক্ষ্যার জন্ম তো বালি-মাফিয়াদের মুনাফার জন্য হয়নি? হয়নি ঢাকা শহরের অট্টালিকা নির্মাণের জন্য? কিন্তু পুঁজিবাদী মুনাফার শক্তি-রহস্য যে বড় জটিল, নির্মম-নিষ্ঠুর। মাটি বা বালির ক্ষুধা যে অন্যসব ক্ষুধার চেয়ে কোনো অংশেই দুর্বল নয়। বরং বলতে হয় ধনতন্ত্রের ভয়ংকর বিভীষণ-বিভীষিকাময় ক্ষুধা। মাটিখেকো নরইঁদুরদের তৈরি রাজনৈতিক-অর্থনৈতিক সিস্টেমের ধ্বংস না হলে মাটির এই ধরিত্রী বাঁচবে না। বাঁচানো যাবে না। মহাসংকটে পড়বে বাঙালি। আজ যে উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে, নহবত বাজিয়ে নৃত্য করা হচ্ছে তার আড়ালে রয়েছে কী? সস্তাশ্রম আর ভূমি গ্রাস করে রপ্তানিমুখী শিল্প স্থাপনের নামে সাম্রাজ্যবাদী পুঁজির শোষণের ক্ষেত্র তৈরি নয় কি? তার জন্য কি একাত্তরে রক্ত দিয়েছিল মানুষ? এটা কি মিথ্যে যে ৫৬ হাজার বর্গমাইলের দেশটার মাটি গ্রাস করেছে সাম্রাজ্যবাদী পুঁজি?

লেখক: কথাসাহিত্যিক, প্রাবন্ধিক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত