পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ড. সাদিক আহমেদ বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নিয়ে গবেষণাধর্মী একটা বিশ্লেষণ উপস্থাপন করেছেন। গুরুত্বপূর্ণভাবে, তিনি নির্বাচিত কিছু দেশের যারা মোটামুটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়েছে বলা চলে, প্রচেষ্টার আলোকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, বাংলাদেশের মুদ্রানীতির সীমাবদ্ধতা নিয়েও তার প্রাজ্ঞ প্রতিক্রিয়া পেশ করেছেন। তার এই পর্যবেক্ষণ নীতিনির্ধারক এমনকি সাধারণ পাঠকের নজরে থাকা উচিত বলে মনে করি।
২০২২ সালে বিশ্বে চলমান ‘মারমুখী মূল্যস্ফীতির’ কথা আমরা সবাই জানি। সম্ভবত ২০০৮ সালের পর এমন ঝরোগতিতে বড় অভিঘাত সাধারণ মানুষের অভিজ্ঞতার ঝুলিতে নেই। চলমান মূল্যস্ফীতি কতটা মারমুখী, তা উপলব্ধি করার জন্য কিছু পরিসংখ্যান দিয়েছেন সাদিক আহমেদ যা উল্লেখ না করলেই নয়।
একমাত্র আমেরিকায় মূল্যস্ফীতির হার ২০২১ সালের ১.৪ শতাংশ থেকে ২০২২ সালের জুনে ৯.১ শতাংশে পৌঁছায়, ইউরোপীয় ইউনিয়নে সেই হার এক বছরের মধ্যে ১.৯ শতাংশ থেকে ১০.৬ শতাংশ লাফিয়ে ওঠে। পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে ২০২২ সালের প্রথম সাত মাসে ৩.২ থেকে ৭.৯ শতাংশ, ভারতে এক বছরে দ্বিগুণ, বাংলাদেশে ২০২২ সালের জানুয়ারিতে ৫.৯ শতাংশ থেকে আগস্ট পর্যন্ত ৯.৫ শতাংশে অবস্থান নেয় মূল্যস্ফীতির হার।
বিশেষত দেশগুলোর বিদ্যমান পরিবেশ ও নীতি কাঠামোর ওপর নির্ভর করে বিভিন্ন দেশ বিভিন্ন মাসে ভিন্ন ভিন্ন গতিতে মূল্যস্ফীতি চূড়ায় ওঠা প্রত্যক্ষ করে। কিন্তু আমেরিকা থেকে বাংলাদেশ সব জায়গায় ভোগান্তি মোটামুটি একইরকম। তবে জনগণের অসন্তুষ্টির পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতির মুখে নীতিগত প্রতিক্রিয়া অধিকতর দ্রুত এবং দৃঢ় ছিল ঐ সমস্ত দেশে যারা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়।
মূল্যস্ফীতি লাফিয়ে ওঠার মূলে আছে দুটো কারণ : (ক) কভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যৌথ প্রভাবের জন্য জোগানে ঘাটতি ঘটে এবং (খ) আমেরিকা ও ইউরোপে চাহিদা চাঙ্গা করার লক্ষ্যে প্রদত্ত কভিডবিরোধী প্রণোদনা প্যাকেজ প্রবর্তন।
যদিও মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী তীক্ষèতার উৎস ছিল জোগানের ঘাটতি এবং সেইহেতু পণ্যের দামের উল্লম্ফন। বিশেষত জ্বালানি দ্রব্য, তারপর নীতিনির্ধারকরা চটজলদি অনুভাবন করতে পেরেছিলেন যে, সমন্বিত প্রচেষ্টার অভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা দুষ্কর।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মুদ্রা কর্র্তৃপক্ষ খুব দ্রুত সুদের হার বাড়িয়ে দিয়ে ঋণের প্রবৃদ্ধি নিয়ন্ত্রণে রেখে আগ্রাসী চাহিদা ব্যবস্থাপনা নীতি গ্রহণ করলেন (কত আগ্রাসী তার প্রমাণ সুদের হার ত্বরান্বিত হওয়ার কারণে আমেরিকার দুটো ব্যাংকে ধস নামা)। এই পদক্ষেপ পদে পদে এবং চাহিদার প্রকৃতি সংক্রান্ত তথ্যের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে বলে ধারণা করা যায়। থাইল্যান্ড, ভারত এবং ভিয়েতনামও মূল্যস্ফীতির চাপ কমাতে সুদের হার বৃদ্ধির মাধ্যমে চাহিদা সংকোচন নীতি আলিঙ্গন করেছে।
একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম যেখানে চাহিদা সংকোচন নীতি গ্রহণ করেইনি বরং চাহিদার চাপে ইন্ধন জুগিয়ে চলেছে ব্যক্তি খাতে ঋণ সম্প্রসারণ এবং রাজস্ব ঘাটতি বৃদ্ধি। যে দেশে কর-জিডিপির অনুপাত দশ শতাংশেরও কম সেই দেশে ব্যাংক থেকে টাকা ধার নেওয়া ছাড়া অর্থায়নের উৎস কোথায়?
বাংলাদেশের মুদ্রানীতি ব্যবস্থাপনার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বহু বিতর্কিত ‘ছয়/নয়’ সুদের নীতির অব্যাহত উপস্থিতি। যেখানে গেল সাত মাসের গড় ৯ শতাংশ মূল্যস্ফীতির বিপরীতে ল্যান্ডিং রেট ৯ শতাংশ। এই শূন্য অথবা ঋণাত্মক সুদের হার ব্যক্তি ঋণের প্রসার ঘটিয়েছে বলে প্রতীয়মান হয়। অপরদিকে, বর্ধিষ্ণু রাজস্ব ঘাটতি সরকারকে ব্যাংক থেকে গেল ১২ মাসে ২৮ শতাংশ হারে ঋণ নিতে বাধ্য করছে।
প্রশ্ন হলো, সুদের হার বৃদ্ধির মাধ্যমে চাহিদা সংকোচন নীতি কতটা ফলদায়ক অন্তত বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে? দেখা গেছে, মূল্যস্ফীতি হ্রাসে বিভিন্ন পদক্ষেপ থেকে সবচেয়ে বেশি কমেছে থাইল্যান্ডে (৫১ শতাংশ) তারপর আমেরিকা ৩৫ শতাংশ, ইইউ-তে ২০ শতাংশ, ভারতে আট শতাংশ। ভিয়েতনামে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি নীতিগত গুরুত্ব পাওয়ার কারণে চাহিদা ব্যবস্থাপনায় সাফল্যস্বরূপ (যেমন সুদের হার বৃদ্ধি) বিশ্বে উঁচু মূল্যস্ফীতির মধ্যেও দেশটি ৫ শতাংশের নিচে মূল্যস্ফীতি ধরে রাখতে পেরেছে।
মূল্যস্ফীতি ব্যবস্থাপনায় এই ভালো ফলাফলের বিপরীতে বাংলাদেশের কৃতিত্ব যে তেমন উজ্জ্বল নয়, তা বলা বোধ করি বাহুল্য নয়। আগস্ট ২০২২ থেকে জানুয়ারি ২০২৩ মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে ধরে নেওয়া যেতে পারে।
বস্তুত সরকারি পরিসংখ্যান তাই বলছে। তাও বৈশ্বিক স্তরে খাদ্যসহ পণ্যের দাম পড়ে যাওয়ার কারণে। মোটকথা, ২০২২ সালের আগস্ট মাসের মূল্যস্ফীতি চূড়া থেকে মাত্র ৭ শতাংশ নেমেছে সংকল্পবদ্ধভাবে স্থিতিশীল রাখার প্রাণান্ত প্রয়াস হিসেবে।
মূল্যস্ফীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈশ্বিক অভিজ্ঞতা সহজেই অনুমেয় এবং কিছু দীক্ষা আমাদের চোখের সামনে উপস্থিত। প্রথমত, এই ধারণাই ভুল যে যেহেতু মূল্যস্ফীতির উৎপত্তি বাইরে থেকে সুতরাং কিছুই করা যাবে না এবং তা কিছুটা আত্মপ্রবঞ্চনাপূর্ণ। মূল্যস্ফীতিকে শক্তিশালী চাহিদা ব্যবস্থাপনা নীতির আওতায় পোষ মানাতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে, সুদের হার বাড়িয়ে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ প্রয়োজন মাফিক রাখা এবং রাজস্ব ঘাটতি সংযত রাখা।
গত আট মাস ধরে চলমান মূল্যস্ফীতির হার ৯ শতাংশ পৌঁছে কঠোর অভিঘাত হানছে দরিদ্র, নিম্ন আয় এবং মধ্যম আয়ের মানুষগুলোর ওপর এবং তার প্রতিক্রিয়া হিসেবে তারা কী করছেন তাও জানা। পুষ্টির অভাব, শিক্ষা- স্বাস্থ্য খাতে ব্যয় হ্রাস, মানসিক অস্থিরতা ইত্যাদি। অতএব, কালবিলম্ব না করে অচিরেই এর মোকাবিলা করতে হবে। বিশেষত রাজনৈতিক বিবেচনাপ্রসূত উপদেশ হচ্ছে জাতীয় নির্বাচন সামনে রেখে এটা করতেই হবে।
মূল্যস্ফীতি নিজে নিজে তো যাবে না। বরং তা অনমনীয় হয়ে উঠতে পারে যদি ঋণ বৃদ্ধি আর ব্যাংক থেকে ধার নিয়ে ঘাটতি মেটাতে হয়। ঠিক এই মুহূর্তে সব দেশে মূল্যস্ফীতি ব্যবস্থাপনা হলো কেন্দ্রীয় ব্যাংকের সব চেয়ে বড় অগ্রাধিকার। মূল্যস্ফীতি ব্যবস্থাপনাকে বি-রাজনীতিকরণের লক্ষ্যে অনেক উন্নত দেশে স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক রয়েছে যারা সুদের হার নীতির মাধ্যমে ঋণের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে।
আমাদের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পরিচিত ‘বাংলাদেশ ব্যাংক’ তেমন স্বাধীনতা ভোগ করে বলে বেয়াকুফও বিশ্বাস করে না। তারপরও বলতে হয় যে- (ক) বাংলাদেশ ব্যাংকের উচিত হবে জরুরি ভিত্তিতে ছয় /নয় সীমা তুলে দিয়ে নমনীয় সুদের হারে ঋণপ্রবাহ ঠিক রাখা, (খ) সুদের হারভিত্তিক মুদ্রানীতি ব্যবস্থাপনাকে সহজতর করার জন্য টি-বিলস বাজার উন্নয়ন করা এবং (গ) সরকারের উচিত হবে রাজস্ব ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রেখে বাংলাদেশ ব্যাংকের মূল্যস্ফীতি কৌশলকে সাহায্য করা, রাজস্ব ঘাটতি হ্রাসে কম সুদে বিদেশি ঋণ গ্রহণ এবং বড় বড় পুঁজি-নিবিড় প্রকল্পগুলো বাস্তবায়ন করা।
পৃথিবীর প্রায় প্রত্যেক দেশে করোনার কারণে কৃত্রিম চাহিদা সংকোচন লক্ষ করা গেছে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল পড়ন্ত। কিন্তু যেই করোনার করাল গ্রাস থেকে ভোক্তা এবং বিনিয়োগকারী অব্যাহতি পেল, অমনি বাঁধভাঙা জোয়ারের মতো আছড়ে পড়ল বাজারে। এমনিতে থাকা অপেক্ষাকৃত কম জোগান তার ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চাহিদা-জোগান ব্যবধান বাড়িয়ে দিয়ে মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালছে।
সুতরাং, বাংলাদেশের মূল্যস্ফীতি একদিকে ডিমান্ড পুল অন্যদিকে কস্ট পুস। অন্তত সুদের হার বৃদ্ধি করে চাহিদা সংকোচন নীতি গ্রহণ করতে পারলে আপাতত বাঁচোয়া।
ব্যবসায়ী কিংবা বিনিয়োগকারীদের ভাষ্য অন্যরকম। সুদের হার বাড়লে, ব্যক্তি খাতের বিনিয়োগ কমবে। যদি প্রশ্ন করা হয় যে, সুদের হার জোর করে নিচে রাখার ফলে গেল ক’বছর বিনিয়োগ বৃদ্ধি কতটুকু হয়েছে, এর উত্তর নিশ্চয় উল্লসিত হওয়ার মতো হবে না। আসলে, ‘বিনিয়োগ’ অনেক উপাদানের ওপর নির্ভর করে। এর মধ্যে সুদের হার অন্যতম, এমনকি প্রধান নিয়ামক।
লেখক: অর্থনীতিবিদ, সাবেক উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়