সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
শিশুর বাবা মোশাররফ ঢালী জানান, সোমবার রাতে তাদের সাথে ঘুমিয়ে ছিল তানজিম। রাত ২টার দিকে তাকে সাপে কামড় দিলে সে আর্তচিৎকার ও কান্না শুরু করে। এতে তাদের ঘুম ভেঙে যায় এবং শিশুটির শরীরে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পান তারা। পরে বিছানার পাশে একটি বিষধর কালাস সাপ দেখতে পাওয়া যায়।
নিহত শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে নিকটবর্তী হওয়ায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সাকির হোসেন জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। স্বাস্থ্যকেন্দ্রে নিতেও দেরি করে। শিশুটিকে প্রথমেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি জানান, এসব বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক কিছু পদক্ষেপ বাসা থেকে নেওয়া যেতে পারে তবে অবশ্যই বিলম্ব না করে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, সাপের কামড়ের পরে আসলে নানাভাবেই চিকিৎসার সুব্যবস্থা না হওয়ায় বা দেরি হওয়াতেই শিশুটির মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে ওসি শাহিনুর জানান, শিশুটিকে একবার কবিরাজ, তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে রেফার হওয়ায় সামেক হাসপাতাল, পরে সেখানে নিয়ে যাওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় বুধবার ভোরেই শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি বেশ দুঃখজনক।
অ্যান্টিভেনম নেই, দুই সপ্তাহে সাপের কামড়ে মৃত্যু ৫