ভালোবাসার গল্পে জুটি বাঁধলেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতি। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করতে চলেছেন সিনেমা ‘অগ্নিশিখা’। এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন আদর-প্রকৃতি। সম্প্রতি তারা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশ্যুটে অংশ নিয়েছেন। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পূবাইলে সিনেমাটির প্রথম ধাপের শ্যুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শ্যুটিং হবে মানিকগঞ্জ। একটানা কাজ করে শেষ হবে ‘অগ্নিশিখা’র শ্যুটিং। আদর বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হবে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই এর গল্প তৈরি হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবে। প্রকৃতি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নিই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আর পিছু ফিরে না তাকিয়ে এখন থেকে নিয়মিত কাজ করব। আশা করি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবে।
নির্মাতা আরিফ বলেন, ‘অগ্নিশিখা’ রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমা। গল্পে টানটান উত্তেজনা রয়েছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করছি। একটানা এর কাজ শেষ হবে। ২০২৩ সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে ভালো একটি সময় দেখে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এইচকেএস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যানারে সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজন করেন রবিন ইসলাম।