গুগল তাদের ক্লাউড স্টোরেজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাকআপে থাকা সব ধরনের ডেটা ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের নির্ধারিত স্টোরেজ সীমার মধ্যেই গণনা হবে। আগে শুধু গুগল ফটোসে সংরক্ষিত ছবি-ভিডিও এবং এমএমএসের মাধ্যমে পাওয়া মিডিয়া ফাইল স্টোরেজের অংশ হিসেবে ধরা হতো।
নতুন এই নিয়ম ইতিমধ্যে নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কার্যকর হয়েছে। পুরনো ব্যবহারকারীদের ক্ষেত্রেও আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে এটি চালু করা হবে।
গুগলের ভাষ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যাকআপের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে সংরক্ষণ করা যায়, যাতে প্রয়োজন হলে সহজেই ডেটা পুনরুদ্ধার করা বা নতুন ডিভাইসে স্থানান্তর করা সম্ভব হয়। কোম্পানির দাবি, এই পরিবর্তনের ফলে গড়ে একজন ব্যবহারকারীর স্টোরেজে মাত্র প্রায় ৪০ মেগাবাইট অতিরিক্ত জায়গা ব্যবহৃত হবে।
ব্যবহারকারীদের সুবিধার জন্য ব্যাকআপ ব্যবস্থায় নতুন নিয়ন্ত্রণও যুক্ত করা হয়েছে। এখন ব্যাকআপ মেনু থেকে চাইলে ডিভাইসের সেটিংস, কল হিস্টোরি, এসএমএস বা এমএমএস ব্যাকআপ থেকে বাদ দেওয়া যাবে। পাশাপাশি, নির্দিষ্ট কোনো অ্যাপের ডেটা সংরক্ষণ করা হবে কিনা, সেটিও অন বা অফ অপশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
উল্লেখ্য, এর আগেও গুগল ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তনের পরীক্ষা চালিয়েছিল। সে সময় ফোন নম্বর যুক্ত না করা নতুন অ্যাকাউন্টের জন্য ১৫ জিবির পরিবর্তে ৫ জিবি ফ্রি স্টোরেজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। নতুন এই পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরেজ ব্যবহারে আরও স্বচ্ছতা ও নিয়ন্ত্রণের সুযোগ পাবেন।