বুবলীর সঙ্গে ‘খেলা হবে’ পরীমণির!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩ এএম

বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্যের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও এ সেøাগান দিতে দেখা গেছে। এমনকি এ সে্লাগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। কদিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে ট্রেলারে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি!

সময়ের অতি আলোচিত দুই চিত্রনায়িকা পরীমণি আর শবনম ইয়াসমীন বুবলীর মধ্যে এত দিন তো কোনো ঝামেলার কথা শোনা যায়নি। তবে কী এমন হলো! না, শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। ‘খেলা হবে’ কেবলই একটি সিনেমার নাম। আর তাতে এই দুই জনপ্রিয় নায়িকাকে একসঙ্গে দেখা যাবে। দুজনেরই অভিনয় ক্যারিয়ার নয় বছরের কাছাকাছি। দুজনই দুই ডজন করে সিনেমাও করে ফেলেছেন।  কিন্তু এত দিন তাদের একই ছবিতে দেখা যায়নি। এবারই প্রথম দুজনকে দেখা যাবে ‘খেলা হবে’ সিনেমায়। তবে ‘খেলা হবে’ সিনেমায় কী ধরনের গল্প বলা হবে, সেটা এখনো জানা যায়নি। এ নিয়ে পরিচালক ও প্রযোজক কেউই এখন কথা বলতে চান না। টিএম ফিল্মস ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানের পেজে জানানো হয়, তানিম রহমান একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি।

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে কেউ মুখ না খুললেও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে শুটিংয়ের আবেদন থেকে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানা গেছে। আগামী অক্টোবরে শুরু হচ্ছে শুটিং। জানা গেছে, ‘খেলা হবে’ ছবির গল্পের প্রয়োজনে তিন সপ্তাহের শুটিং হবে ভারতে। তাই দেশটিতে যেতে শিল্পী ও কলাকুশলীর একটি দলের জন্য আবেদন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ফারজানা মুন্নী। গত রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে দেখা গেছে, ভারতে শুটিংয়ের অনুমতি পেয়েছেন তারা। সেই তালিকায় রয়েছেন পরীমণি, বুবলী ছাড়াও শহীদুল আলম সাচ্চু, আবুল কালাম আজাদ, মিশা সওদাগর, মুশফিকুর রহমান, সাইফুল ইসলাম মজুমদারসহ ১২ জন।

একটি সূত্র জানায়, আগামী অক্টোবরে ‘খেলা হবে’ সিনেমার শুটিং হওয়ার কথা আছে। সেভাবেই ইউনিট প্রস্তুতি শুরু করেছে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারতে যাওয়া ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত অনুমতি দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নোটিসে দেখা যায়, পরিচালকসহ ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত