বছরে ১০ লাখ টন এলএনজি সরবরাহ করবে সামিট

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:১২ এএম

যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ এলএনজির সঙ্গে বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য স্থানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পনি। এর আওতায় সামিট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানটি দেশে বছরে ১০ লাখ টন (এলএনজি) সরবরাহ করবে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর উপস্থিতিতে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় সামিট অয়েল অ্যান্ড শিপিং ২০ বছর লুসিয়ানার ক্যামেরনে অবস্থিত কমনওয়েলথের ৮.৪ এমটিপিএ ক্ষমতাসম্পন্ন দ্রুত উন্নয়নাধীন অবকাঠামো থেকে বছরে ১০ লাখ টন এলএনজি কিনতে পারবে।

সামিট গ্রুপ অব কোম্পানিজের ভাইস চেয়ারম্যান ফরিদ খান বলেন, আমরা এই পদক্ষেপ নিয়ে  গর্বিত। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আমাদের পরিছন্ন জ্বালানি জোগান দিতে পারব বলে আশা করছি। আমরা যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহে কমনওয়েলথকে সহযোগী হিসেবে পেয়ে আনন্দিত। এতে বাংলাদেশের জন্য এলএনজির উৎসে বৈচিত্র্য আনবে। আর হেনরি হাবের ভিত্তিতে মূল্যে স্থিতিশীলতার সুবিধাও পাওয়া যাবে। কমনওয়েলথের প্রেসিডেন্ট ও সিইও পল ভারেলো বলেন, এই সমঝোতা চুক্তি প্রমাণ করে আমাদের দুই কোম্পানির লক্ষ্য এক।

কমনওয়েলথ একটি দ্রুত পদ্ধতিতে নির্মাণকাজ করছে, যা এই অবকাঠামো প্রকল্পটি তিন বছরে  শেষ হবে। এই পদ্ধতিতে প্রধানত প্রি-ফেব্রিকেটেড অংশগুলো অন্য স্থান থেকে এনে জুড়ে দিয়ে কম সময়ে নির্মাণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত