ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই অবস্থান নিয়েছে শহরটি ঘিরে এগিয়ে আসা রুশ সেনারা। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, ইউক্রেনে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে গেছে। খবর বিবিসি।
তিনি বলেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ কারণে তার রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা বেড়ে গেছে।
সোমবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, রাশিয়া এখন নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে।
‘তারা বলছে যে ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্র আছে। ফলে এটি পরিষ্কার যে তিনি দুটিই ব্যবহারের চিন্তা করছেন।’
যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো প্রায়ই বলে থাকে, রাশিয়া এ সব অস্ত্র ব্যবহারের জন্য প্রেক্ষাপট তৈরি করতেই ইউক্রেন এসব অস্ত্র তৈরি করছে এমন দাবি করতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে বলেন, রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে।
এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সেনারা রুশদের সংযত হতে বাধ্য করছে।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা যেখানেই ধীরে ধীরে অগ্রসর হতে চাইছে সেখানেই তাদের সংযত থাকতে বাধ্য করছে ইউক্রেনের সেনারা।
এও দাবি করেন, খারকিভ অঞ্চলে তার সেনারা আরেকটি রুশ বিমান ভূপাতিত করেছে।
তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, ক্রিমিয়া উপত্যকায় রাশিয়ান সেনারা একটি স্থল করিডরের নিয়ন্ত্রণ নেওয়ায় আজভ সাগরের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইউক্রেনের সেনাবাহিনী আরও বলছে, বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়ে রাশিয়ার প্রায় সব জায়গা থেকে সেনা আনছে ইউক্রেনে মোতায়েনের জন্য। এমনকি কর্মকর্তাদের সামরিক বাহিনী থেকে নিয়মিত অবসরের কার্যক্রম বাতিল করেছে রাশিয়া।
