আবারও একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে দেশটির নেতা কিম জং উন যখন রাশিয়ায় অবস্থান করছেন ঠিক সেই সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অজ্ঞাতনামা এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটি জাপান সাগর হিসেবেও পরিচিত বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা নিশ্চিত করেছে টোকিও। কোস্ট গার্ড দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এনএইচকে জানায়, উত্তর কোরিয়ার ছোড়া দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রই জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়া চলতি বছরের এ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত বেশ কয়েকটি অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি সর্বশেষ গত ৩০ আগস্ট স্বল্প পাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
