১৮ দিন পেরিয়ে গেলেও অফিস ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে মতিঝিল থেকে অমর একুশে গ্রন্থমেলায় আসতে পারেননি ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র চৌধুরী। তবে নতুন বইয়ের খোঁজখবর রাখছেন এবং অনলাইনে অর্ডার করে ইতিমধ্যে ১৯টি বই কিনেছেন বলে জানালেন। অনলাইনে বই বিপণনের এ প্রক্রিয়াটি আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও মনে করেন তিনি। এদিকে দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত্য চয়ন বলেন, ‘অনলাইনে বই বিপণন প্রক্রিয়াটি ব্যবসায়িক দৃষ্টিতে আমাদের জন্য ইতিবাচক। তবে মেলায় এসে উৎসবমুখর পরিবেশে ঘুরেফিরে বই কেনার আনন্দটা নষ্ট না হোক। বইমেলায় এসে সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়, একটা উৎসবের আমেজ থাকে মানবিক সম্প্রীতির জন্য সেটা ভীষণ জরুরি।’
সময়ের সঙ্গে এখন বদলে গেছে জীবনযাত্রা। অনেকেই ব্যক্তিগত ব্যস্ততার জন্য মেলায় আসতে পারেন না। কিন্তু অনলাইনে সংগ্রহ করছেন প্রিয় লেখকের নতুন বই। দেশে এখন অনলাইন বই বিপণনের একাধিক মাধ্যম পেশাদারত্ব নিয়ে কাজ করছে। এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে রকমারি ডটকম। একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে কয়েক কোটি টাকার বই বিক্রি করেছে রকমারি। তবে রকমারি ডটকমের একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘কত টাকার বই বিক্রি হয়েছে, সঠিক তথ্যটি এখনই দেওয়া সম্ভব নয়। মেলা শেষ হলে হয়তো বোঝা যাবে।’ বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশেও পাঠকদের কাছে বই পৌঁছে দিচ্ছে রকমারি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মাহবুব সেতু দেশ রূপান্তরকে বলেন, ‘বাংলাদেশের প্রায় সবগুলো সৃজনশীল প্রকাশনা সংস্থার সঙ্গে কাজ করছে রকমারি। বইমেলায় ২৫ শতাংশ কমিশনে বই কিনতে পারেন বইপ্রেমীরা। রকমারিও একই কমিশনে বই বিপণন করছে। পাশাপাশি রকমারি থেকে বই কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ।’
অনলাইনে বই বিপণনের এ প্রক্রিয়াটি আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন নাট্যনির্দেশক সাইফ সুমন। গতকাল মেলার ১৮তম দিনে প্রথমবার মেলায় এসেছেন তিনি। সাইফ সুমন দেশ রূপান্তরকে বলেন, ‘মেলায় এসে ঘুরব, আড্ডা দেব। বই পছন্দ করে সেটা অনলাইনে অর্ডার করে বাসায় বসে রিসিভ করাটাই তো ভালো প্রক্রিয়া।’ আগামী দিনগুলো অনলাইনের প্ল্যাটফর্মগুলো আরও শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি।
প্রকাশনা ও মোড়ক উন্মোচন
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় রাউফুন নাহারের ‘মনের যত্ন’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও মুক্ত কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। ড. মেহজাবীন হকের সভাপতিত্বে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম।
অন্যদিকে ফরিদা রানুর প্রথম কবিতার বই ‘ভালোবাসা কথা কয়’-এর মোড়ক উন্মোচন হয় সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে। উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, ইডেন কলেজের অধ্যাপক সাবরিনা আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, শাহনাজ রানু, কনিকা দে, তানিয়া সুলতানা, মো. আবদুর রাজ্জাক, কাওসার বাঁধন, মো. বাদশা প্রমুখ। লেখক ফরিদা রানু বলেন, ‘অব্যক্ত কষ্ট ও ভালো লাগার কথা বলা হয়েছে বইটিতে। বইটি মূল্য ১৬০ টাকা।’
মূল মঞ্চ
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জালাল ফিরোজ রচিত ‘বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মুজতবা আহমেদ মুরশেদ। আলোচনায় অংশগ্রহণ করেন ডালেম চন্দ্র বর্মণ, মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাব্বীর আহমেদ। সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা পর্বের পর ছড়া পাঠ করেন আসলাম সানী, আলম তালুকদার, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, আনজীর লিটন, রহীম শাহ, ফারুক হোসেন। হাসান আব্দুল্লাহর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ঘাসফুল শিশুকিশোর সংগঠন’-এর শিল্পীরা ছাড়াও সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, শাহীন সামাদ, ইয়াসমিন মুশতারী, বর্ণালী সরকার, উত্তম কুমার রায়, তালুকদার জান্নাত হোসেন, ফারহানা শিরিন। যন্ত্রানুষঙ্গে ছিলেন রাজু চৌধুরী (তবলা), ফিরোজ খান (সেতার), ইফতেখার হোসেন সোহেল (কি-বোর্ড) এবং গাজী আবদুল হাকিম (বাঁশি)।
এ ছাড়া ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন নাসরীন জাহান, ফারুক মঈনউদ্দীন, মামুন খান ও স্নিগ্ধা বাউল।
নতুন বই
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী গতকাল বুধবার মেলায় নতুন বই এসেছে ১১৬টি। এর মধ্যে সাতভাই চম্পা প্রকাশনী এনেছে আমিনুর রহমান সুলতানের ‘লোকগানে জনকের মুখ’, রাত্রি প্রকাশনী এনেছে আনোয়ারা সৈয়দ হকের ‘বঙ্গবন্ধুর গল্প’, অনন্যা এনেছে সুভাষ সিংহ রায়ের ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, মোস্তফা কামালের ‘স্বপ্নবাজ’, রকিব হাসানের ‘ইনকা দেবতার গুপ্তধন’, কথাপ্রকাশ এনেছে মুনতাসীর মামুন সম্পাদিত ‘ইতিহাস পাঠ ১ ও ২’, চারুলিপি প্রকাশনী এনেছে নির্মলেন্দু গুণের ‘কিশোরসমগ্র’, জলকথা প্রকাশ থেকে আরিফ বখতিয়ার সম্পাদিত ছড়াগ্রন্থ ‘এলেবেলে একশ ছড়া’ ও জুম্মি নাহদিয়ার ভ্রমণগ্রন্থ ‘ব্যাকপ্যাকে পৃথিবী’ প্রভৃতি।
আজ বৃহস্পতিবার মেলার আয়োজন
আজ বৃহস্পতিবার বইমেলার ১৯তম দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আবুল কাসেম রচিত ‘বঙ্গবন্ধু ও চাশিল্প’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন দীপংকর মোহান্ত। আলোচনায় অংশগ্রহণ করবেন মেসবাহ কামাল ও মোকারম হোসেন। সভাপতিত্ব করবেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।