দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া সেই কিশোরী একটি ছেলে সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সেই কিশোরীর চাচা। মা ও নবজাতক সুস্থ আছেন।
গত রবিবার ভোরের দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই কিশোরী একটি নবজাতকের জন্ম দেয়। সন্তান প্রসবের পর ওই নবজাতক ও কিশোরী তার চাচার বাসায় আছেন।
এর আগে গত ২৩ মার্চ বোন-জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। সেখানে আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের হক্কু মিয়া (৫৫) তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ৬ আগস্ট ধর্ষণের অভিযোগে হক্কু মিয়ার বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় হক্কু মিয়া বর্তমানে কারাগারে রয়েছেন।
থানায় উল্লেখ করা অভিযোগের হিসেবে পাঁচ মাস ২০ দিনের মাথায় সুস্থ সবল নবজাতকের জন্ম হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনা হয়তো আরও আগের হবে। থানায় অভিযোগ দায়ের করার সময় হয়তো আনুমানিক সময় উল্লেখ করছে। এ কারণে এমনটা হয়ে থাকতে পারে।
ঘটনায় বিস্ময় প্রকাশ করে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, কয়েক দিনের মধ্যে নবজাতকের ডিএনএ টেস্ট করানো হবে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট দৈনিক দেশ রূপান্তরে ‘মোহনগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী থানায় মামলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।
