ট্রায়াল শেষের আগেই চীনে ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা!

আপডেট : ২৩ মে ২০২০, ১১:০৩ পিএম

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান গাও ফু জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ট্রায়াল শেষ না হলেও একদল মানুষকে তারা নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিন দিতে চান। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

গাও ফু শনিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘কাদের ভ্যাকসিন দেয়া হবে সে বিষয়ে জাতীয় টিকাদান কর্মসূচী থেকে একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে।’

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে নতুন ভাইরাসটি ছড়িয়ে পড়ে। দেশটিতে মহামারী নিয়ন্ত্রণে আসায় ভ্যাকসিনের ট্রায়াল শেষ করা নিয়ে চিন্তা বাড়ছে সেখানকার বিজ্ঞানীদের। বেইজিং ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির একটি ভ্যাকসিন প্রথম ধাপের ট্রায়ালে কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু বাকি আছে আরও দুটি ধাপ। রোগ নিয়ন্ত্রণে আসায় শেষ ধাপের ট্রায়ালের ফলাফল বোঝা কঠিন হতে পারে। চীন মূলত এই চিন্তা থেকে আগেভাগে ট্রায়ালের বাইরে ভ্যাকসিন দেওয়া শুরু করবে।

‘কতজন মানুষকে দেয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা চলছে। জরুরি ভিত্তিতেও কিভাবে ব্যবহার করা যায় সেই নীতিমালা নিয়ে কাজ চলছে,’ জানিয়ে গাও বলেন, ‘আমার বিশ্বাস আমরা অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। কারণ আমরা প্রথাগত প্রটোকল (ভ্যাকসিনের) অনুসরণ করছি না। সেটি করলে সময় নষ্ট হবে।’

কোনো প্রতিষেধক না থাকা কভিড-১৯ রোগের ভ্যাকসিন তৈরি করতে চীনসহ আরও অনেক দেশ উঠেপড়ে লেগেছে। এর মধ্যে আমেরিকায় ১২টি কোম্পানি চেষ্টা করছে। দেশটির সঙ্গে যৌথভাবে জার্মানি আরেকটি নিয়ে কাজ করছে।

চীনে এখন পর্যন্ত মোট পাঁচটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের কথা শোনা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত