ক্রিকেটে অচলাবস্থা নিরসনে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ক্রিকেটাররা চাইলে বুধবার বিকেল পাঁচটা নাগাদ আলোচনায় বসতে রাজি বোর্ড কর্তারা।
বুধবার দুপুরে সংবাদমাধ্যমকে এমন তথ্যই জানান বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন, “গতকালের সংবাদ সম্মেলনের পর আমরা বোর্ড সভাপতির (নাজমুল হাসান পাপন) নির্দেশে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। আমাদের জাতীয় দলের খেলোয়াড় তামিম ইকবালের সঙ্গে আমাদের কথা হয়। যত দ্রুত সম্ভব বিষয়টি নিষ্পত্তির ব্যাপারে বোর্ডের অবস্থান আমরা তার কাছে আবারও ব্যক্ত করি। তাকে বলি, ‘নিষ্পত্তি হওয়ার ব্যাপারটা আসলে শুধুমাত্র সময়ের ব্যাপার, একসঙ্গে বসলেই সমাধান হয়ে যাবে। তামিম আমাকে জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব তার সতীর্থদের সঙ্গে আলোচনা করবেন এবং আমাদের জানাবেন।”
“আমরা আশা করছি যেকোনো সময় তারা জানাবেন। এর মধ্যেই জানতে পেরেছি যে, আজকে কোনো এক সময় তারা একত্রিত হবেন ও কোনো জায়গায় বসবেন। আমি এ জন্য জানিয়ে দিতে চাই, আমরা আজকে বিকেল ৫টায় প্রস্তুত আছি। বোর্ডে বা যেকোনো জায়গায় আমরা কথা বলতে পারি, জানালেই হবে।”
প্রসঙ্গত, বিসিবি'র নানা বিতর্কিত সিদ্ধান্ত ও দেশের ক্রিকেটের চলমান অসংগতিতে অসন্তোষ প্রকাশ করে গত সোমবার সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন। ১১ দফা দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন তারা।
এতে করে হুমকির মুখে পড়েছে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবং আগামী মাসে ভারত সফর।
এমন অবস্থায় মঙ্গলবার জরুরি বোর্ড সভা ডাকে বিসিবি। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পুরো ঘটনাকে চক্রান্ত বলে আখ্যা দেন।
