শ্বাসকষ্টে কারাতে কোচের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২০, ১১:৪৬ পিএম

জাতীয় কারাতে দলের সাবেক খেলোয়াড় ও কোচ হুমায়ুন কবির জুয়েল আর নেই। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শ্বাসকষ্টে ভোগায় সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আর বাসায় ফেরা হয়নি। জানা গেছে, তার দুইবার করোনা পরীক্ষা করা হলেও ফল নেগেটিভ ছিল।

মৃত্যুকালে হুমায়ুন কবির জুয়েলের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী, সন্তান থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সবশেষ ৩ বছর আগে তাদের দেখা হয়েছিল।

বর্ণিল ক্যারিয়ারে হুমায়ুন কবির জুয়েল অনেক আন্তর্জাতিক পদক জয় করেন। বাংলাদেশের হয়ে প্রথম কারাতে বিশ্বকাপ খেলেন তিনি। খেলা ছাড়ার পর কোচ, রেফারি, সংগঠকের ভূমিকায় ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আনসারের কোচ ছিলেন। ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য।

ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে খেলা পরিচালনাও করেন তিনি। এশিয়ান কারাতে ফেডারেশনের এই রেফারি দেশের প্রথম ব্যক্তি, যিনি এশিয়ান পর্যায়ে খেলা পরিচালনা করেন।

হুমায়ুন কবির জুয়েলের মৃত্যুতে দেশের কারাতে অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কারাতে খেলোয়াড়রা আবেগঘন পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তার মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ কারাতে ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত