নিউজিল্যান্ড সফরের সময়ে ছুটি চান সাকিব

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। ঊরুর চোটে পড়ায় এই তারকার সার্ভিস পাওয়া যাবে না বৃহস্পতিবার শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে। শুধু ক্যারিবীয়দের বিপক্ষেই নয়, নিউজিল্যান্ড সফরেও হয়তো সাকিবকে পাওয়া যাবে না।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের সময়ে ছুটির আবেদন করেছেন সাকিব। বিসিবি বিষয়টি বিবেচনাও করছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

বলেন, ‘সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে চিঠি দিয়েছে। আমরা বিবেচনা করছি। বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত হবে।’

কিছুদিন ধরেই অবশ্য গুঞ্জন চলছিল নিউজিল্যান্ড সফরে নাও থাকতে পারেন সাকিব। ওয়ানডে সিরিজ চলাকালে এ নিয়ে কথাও বলেছিলেন তিনি। দলের ভেতরের খবর কি করে বাইরে আসে, সে নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন এই তারকা অলরাউন্ডার।

সাকিবের তৃতীয় সন্তান পৃথিবীর আলোয় আসবে মার্চে। সব ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড রওনা হবে। ওয়ানডে তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। তিনটি টি-টোয়েন্টি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

আকরাম জানিয়েছেন, সাকিব চিঠিতে উল্লেখ করেছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে যদি সুযোগ থাকে, দলের সঙ্গে যোগ দিতে চান। তবে নিউজিল্যান্ডের কোয়ারেন্টাইনসহ অন্যান্য ভ্রমণ জটিলতা মিলিয়ে সাকিবকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত