আগের দিন আইপিএলের ফাইনাল খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই ম্যাচ শেষ হয়েছে রাতে। দুবাইয়ে সেই ম্যাচ শেষ করে সড়ক পথে ওমান পাড়ি দেন সাকিব আল হাসান। শনিবার সকালে দলের সঙ্গে যোগ দিয়ে বিকেলে অনুশীলনও করলেন এই অলরাউন্ডার।
রবিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বিশ্বকাপ দলের সঙ্গে এই প্রথম অনুশীলন সাকিবের।
আইপিএলে ব্যস্ততার কারণেই ওমানে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন না সাকিব। পরে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচও খেলতে পারেননি।
সাকিবের মতো আইপিএলে খেলেছেন মোস্তাফিজুর রহমান। তবে তার দল লিগ পর্ব থেকেই বিদায় নেয়। তাই আগেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।
সাকিব ভোরে দলে যোগ দেওয়ায় অনুশীলন করতে পারবেন কিনা সেনিয়ে স্বাভাবিকভাবেই কেউ নিশ্চিত ছিলেন না। যেহেতু আইপিএলে অনুশীলনের মধ্যেই ছিলেন, তাই এদিন বিশ্রামেও থাকতে পারতেন। তবে বিশ্বকাপ ম্যাচের আগে বিশ্রামের চেয়ে অনুশীলনকেই বেশি গুরুত্ব দিয়েছেন সাকিব।
শনিবার ওমান ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এ সময় সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব আজ সকালে এসেছে। আইপিএলে কমিটমেন্ট ছিল। সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।’
মাহমুদউল্লাহ বলেছেন নিজের ফিটনেস প্রসঙ্গেও। পিঠের পুরোনো চোটের কারণে ওমান ‘এ’ দল এবং শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি।
তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত তিনি, ‘আলহামদুলিল্লাহ, আমি অনেকখানি রিকভারি করেছি। ৯-১০ মাস আগের যে ইনজুরি ছিল, ওটা এখানে আসার পর হঠাৎ করে সমস্যা সৃষ্টি করে। এ জন্য প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। আশা করি আগামী ম্যাচে খেলতে পারব।’
আরো পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বাংলাদেশের গল্পটা বদলাবে?
