প্রস্তুতি ম্যাচে হার নিয়ে বিচলিত নন মাহমুদউল্লাহ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০১:৫৬ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচ দুটির ফল মূল পর্বে প্রভাব ফেলবে, এমনটা মানে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রবিবার বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ হেরেছি। আমার মনে হয় এর কোনো প্রভাব পড়বে না। আমরা কালকের ম্যাচের জন্য প্রস্তুত আছি। দলের আত্মবিশ্বাস আগের মতই আছে। আমরা সেরা ক্রিকেটটাই খেলতে পারব।’

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে সিরিজ জিতে বিশ্বকাপে গেছে বাংলাদেশ। তবে ওই দুই সিরিজের সাফল্যে কন্ডিশন এবং উইকেট বড় ভূমিকা রেখেছে। বিশ্বকাপে কন্ডিশন ও উইকেট পুরো বিপরীত। শ্রীলঙ্কার ও আয়ারল্যান্ডের বিপক্ষে হারকে তাই বড় বার্তাই বলছেন অনেকে।

মাহমুদউল্লাহর কথা, ‘কোনো সতর্কবার্তা না। আমরা জানি প্রস্তুতি ম্যাচে কোন জায়গাগুলো কাজে লাগাতে পারিনি। বেশ কয়েকজন খেলোয়াড়ও একাদশে ছিল না। প্রস্তুতি ম্যাচের ফলাফল আমাদের মানসিকতায় প্রভাব ফেলবে না। আমরা এখনো অনেক ইতিবাচক।’

ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত