আরো একটি সেঞ্চুরিহীন বছর কোহলির

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৬:৪১ পিএম

সেঞ্চুরি খরা কাটছে না বিরাট কোহলির। ২০২০ সালের মতো ২০২১ সালও তাকে শেষ করতে হচ্ছে কোনো ফরম্যাটে সেঞ্চুরি ছাড়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সেঞ্চুরিয়ন টেস্টের দুই ইনিংসেই বড় স্কোর করতে ব্যর্থ হয়েছে কোহলি। ফলে এ বছর সেঞ্চুরি পাওয়ার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেছে তার।

প্রথম ইনিংসে ৩৫ রান করা কোহলি বুধবার দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ফিরেছেন।
কোহলির ব্যাট থেকে টানা ৬০ ইনিংসে কোনো শতরান আসেনি। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে সবশেষ সেঞ্চুরি পান ভারতের টেস্ট অধিনায়ক।

আর ওয়ানডেতে কোহলির শেষ সেঞ্চুরি ২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পোর্ট অব স্পেনে পর পর দুই ম্যাচে শতক উপহার দেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে রানমেশিন বলা হল কোহলিকে। কিন্তু টানা ২ বছর ধরে যেভাবে তিনি ব্যর্থ হচ্ছেন, তাতে তার ভবিষ্যত্‍ নিয়ে প্রশ্নচিহ্ন ক্রমশ জোরালো হচ্ছে।

টেস্ট ক্যারিয়ারের ৯৮ ম্যাচ খেলে ফেলেছেন কোহলি। প্রোটিয়াদের বিপক্ষে চলতি সিরিজেই নিজের শততম টেস্ট পূর্ণ করবেন। ১১ জানুয়ারি কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টেই নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন কোহলি। কিন্তু তার সাম্প্রতিক ফর্ম ক্রমশ চিন্তা বাড়াচ্ছে ভক্তদের।

এখন পর্যন্ত ৯৭ টেস্টে কোহলির সেঞ্চুরি ২৭টি। ২৫৪ ওয়ানডেতে সেঞ্চুরি ৪৩টি। ৯৫ টি-টোয়েন্টিতে তার কোনো শতক নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত