বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত। দিবারাত্রির টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিকেরা।
রবিবার শ্রীলঙ্কার প্রথম ইনিংস ১০৯ রানে থামিয়ে দেয় ভারত। প্রথম ইনিংসে ১৪৩ রানে লিড পাওয়া রোহিত শর্মার দল ৯ উইকেটে ৩০৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪৭ রানের।
পাহাড় লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে ২৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে লঙ্কানরা। অর্থাৎ ভারত জয় থেকে আর ৯ উইকেট দূরে। হাতে রয়েছে পুরো তিন দিন।
দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। ৮৭ বলে ৯ চারে সাজান নিজের ইনিংস।
রিশভ পন্ত ৩১ বলে ৫০ রান করেন, টেস্টে যা ভারতীয়দের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। কপিল দেবের ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে প্রাভিন জয়াবিক্রমা ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল। লাসিথ এম্বুলদেনিয়ার শিকার ৩টি।
প্রথম ইনিংসে ভারতের ২৫২ রানের জবাব দিতে নেমে প্রথম দিন শেষে লঙ্কানদের স্কোর ছিল ৮৬/৬। দ্বিতীয় দিনে তারা আর ২৩ রান যোগ করতে পারে।
জাসপ্রিত বুমরাহ ২৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামি নিয়েছেন ২টি করে উইকেট।
