টস হেরে বোলিংয়ে পাকিস্তান

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০১:৪৪ পিএম

নিউজিল্যান্ড শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলে সেমিফাইনালে পা রেখেছে। অন্যদিকে পাকিস্তান শেষ চারের টিকেট কেটেছে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি এই দুই দল। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অর্থাৎ আগে বোলিং করবে পাকিস্তান।

সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আধ ঘণ্টা আগে টস অনুষ্ঠিত হয়েছে। নিউজিল্যান্ড ও পাকিস্তান দুই দলই তাদের আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সিডনিতে আগে ব্যাট করা দলই শেষ হাসি হেসেছে বেশি। তাই টস এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারনা করা হচ্ছে। চলতি আসরে সিডনিতে অনুষ্ঠিত ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে আগে ব্যাট করা দল।

পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই খেলেছিল এ ভেন্যুতে। দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করেই হারিয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ড এ ভেন্যুতে দুই ম্যাচে দুটিতেই জিতেছে এবার। তারাও দুটি ম্যাচেই আগে ব্যাট করেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তো দুইশ রানের পুঁজি গড়ে ম্যাচ নিজেদের করেছিল ৮৯ রানে। সেদিন যে উইকেট ব্যবহার হয়েছিল, সেমিফাইনালেও ব্যবহার হবে সেটিই। সিডনির তিনটি উইকেটের মধ্যে যা সবচেয়ে ব্যাটিংবান্ধব পিচ। এই টুর্নামেন্টে সবচেয়ে রানও হয়েছে সিডনিতেই।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২৮ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। জয়ের পাল্লাটা পাকিস্তানের দিকেই ভারী। ১৭ ম্যাচে জিতেছে তারা। নিউজিল্যান্ডের জয় ১১ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছয়বারের দেখায়ও চারটিতে জয় পাকিস্তানের। নিউজিল্যান্ড জিতেছে দুই ম্যাচে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত