সাকিব আল হাসান বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম প্রধান আইডল। স্পোর্টসম্যান/অ্যাথলিটদের কাছে তো সাকিব এক স্বপ্নের নাম। তাকে দেখে শেখে, তার রেকর্ড থেকে অনুপ্রেরণা নেয় তার মতো সফল হতে চায় এমন ক্রীড়াবিদ নিশ্চয়ই প্রায় সবাই বাংলাদেশে।
খুব বেশি আগের ঘটনা না। লিগের খেলার মধ্যে সাকিব আম্পায়ারের সামনে খুব জোরে লাথি মেরেছিলেন স্টাম্পে। হয়তো তা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন বডি বিল্ডার জাহিদ হাসান শুভ। তিনিও প্রায় বা কাছাকাছি এই ধরণের কান্ড করেছেন ভরা মজলিশে। হয়তো সাকিবের আচরণটা তার ব্যাক অফ মাইন্ডে ছিলো। ঘটনাচক্রে অথবা সুযোগমতো জেগে উঠেছে।
সাকিব নিজে কোনো সাক্ষাৎকারে "আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত, ক্রিকেট বোর্ডের দূর্নীতির বিরুদ্ধে আমার এই লাথি" তা না বললেও সাকিব যে ক্লাবে খেলতে গিয়ে এই কাজ করেছিলেন তার তীব্র ভক্তরা, আর অনেক সাকিব ফ্যানও ব্যাপারটাকে "দুর্নীতির বিপক্ষে প্রতিবাদের জবাব" হিসেবে প্রচার করে বেরিয়েছেন আর আত্মতৃপ্তিতে ভুগেছেন কিছুদিন।
শরীরগঠনবিদ শুভ মাত্র দু'দিন আগে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় তার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন না হতে পেরে, রানার আপ হয়ে মঞ্চে পাওয়া উপহারে লাথি মেরে উড়িয়ে দিয়েছেন মঞ্চের ঠিক সামনেই। বডি বিল্ডার শুভর এই প্রতিক্রিয়া দৃশ্য এখন ভাইরাল।
ঘটনাটি যারা ভিডিওতে দেখেছেন তারা প্রায় সবাই শুভর পক্ষে খুব সহানুভূতিশীল হয়ে তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং কাজটা খুব ঠিক হয়েছে বলে বিশ্বাস করছেন।
আমি বডি বিল্ডিং ফেডারেশনের সেরা বাছাই প্রতিযোগিতা ও পদক-উপহার বিতরণ অনুষ্ঠানটাও দেখেছি ভিডিওতে, মঞ্চের সামনে শুভর সমর্থকদের চিয়ার আপ চিৎকার-চেঁচামেচিও শুনেছি। মঞ্চে দাঁড়িয়ে জাহিদ হাসান শুভর প্রতি ফেডারেশনের এক বড় কর্মকর্তার তাচ্ছিল্যমাখা দৃষ্টি/আচরণও খেয়াল করেছি। অন্য প্রতিযোগীদের খুব ডিসিপ্লিন্ড আচরণ ও খেলোয়াড়সূলভ উপস্থিতি দেখেছি। এই সংক্রান্ত আর যা যা সিটিজেন জার্নালিস্টদের সেলফোন ক্যামেরায় ধরা পড়েছে বা মেইনস্ট্রিম মিডিয়ায় এসেছে তাও দেখেছি। দেখেছি শুভ সব জায়গায় তার প্রতি ফেডারেশনের অন্যায়ের প্রতিবাদ করে বেড়াচ্ছেন, দূর্নীতির অভিযোগ তুলছেন এই বলে যে অনেক বছর ধরে নাকি দুর্নীতিগ্রস্থ এই ফেডারেশন।
আমার প্রশ্ন আগে চার বারের গোল্ড মেডালিস্ট জাহিদ হাসান শুভ নিজে চ্যাম্পিয়ন হওয়ার কোনো বছরই দূর্নীতির অভিযোগ তুললেন না কেন। অলমোস্ট একই লোকেরা ফেডারেশনে কর্মরতা ছিলেন তখনো। শুভর বক্তব্য যদি সত্য হয় তার মানে আগে অন্য খেলোয়াড়দের বিরুদ্ধে দূর্নীতিটা করা হয়েছে, অন্য অনেককেই জোর করে দ্বিতীয়,তৃতীয় করা হয়েছে ! যদিও অতীতে আর কাউকে এমন অ্যানিমেটেড আচরণ করতে দেখা যায় নাই প্রকাশ্যে।
আমাদের স্পোর্টস ফেডারেশনগুলো মঙ্গলগ্রহে অবস্থিত না। যে দেশের পরতে পরতে, টপ টু বটম দুর্নীতির প্র্যাকটিস হয় প্রতিদিন সে দেশে ক্রীড়া ফেডারেশনে দূর্নীতি থাকবে না তা কিভাবে আশা করি আমরা? যদিও আমরা ক্রীড়াপ্রেমী সবাই চাই এর পরিমান কমুক বা একেবারে বন্ধ হোক দূর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক কুপ্রভাব।
জাহিদ হাসান শুভর পক্ষে আমিও যদি তার প্রতি সত্যি সত্যিই অবিচার করা হয়ে থাকে এবার প্রথমবার। তবে তার গিফটে লাথি মারা রিয়্যাকশনের পক্ষে না আমি মোটেও (যা ছিলাম না সাকিবের স্টাম্পে লাথি মারার সময়ও)।
আমরা জানি, প্যানেল অফ জাজেস থাকে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে। অনেকজন বিচারক মিলে ক্যাটাগরি অনুযায়ী প্রতিযোগীর বেশ কিছু বিষয় বিচার করে মার্ক দেন। সেইভাবেই সেরা বডি বিল্ডার নির্বাচিত হন।
আমরা যেমন পয়েন্টের কন্ডিশন না বুঝে খালি চোখে একজনকে দেখে সিদ্ধান্ত নিয়ে নিতে পারি "এটাই বেস্ট বডি", "বেস্ট ফিজিক"। বিচারকরা তা পারেন না, তাদেরকে কিছু নর্ম ও শর্তের মধ্য দিয়ে যেতে হয়। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় দেখেন না, অনেক সময় আপনার চোখে সবচাইতে কম সুন্দর মানুষটাও বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নেয়? ব্যাপারটা অনেকটা এমনই। শুধু দেখতে সুন্দর-ই একমাত্র মাপকাঠি না সেখানে।
অখেলোয়াড়সূলভ আচরণ ও সংগঠন বিরোধী আচরণের দায়ে বডি বিল্ডিং ফেডারেশন থেকে শুভকে বহিষ্কার করে প্রেস রিলিজ পাঠিয়েছে দেখলাম কর্তৃপক্ষ । যেখানে দেখলাম খেলোয়াড়ের নাম লেখা হয়েছে জাহিদ হাসান কাজল। তাহলে বডি বিল্ডার জাহিদের দুইটা ডাক নাম? আমি শিওর না এই ব্যাপারে।
আরেকটা সিরিয়াস প্রশ্ন> এটা কি প্রেসরিলিজ পাঠানোর বিষয়? এই কাজটা তো অভ্যন্তরীণ সভায় গৃহীত ও ঘোষিত হবে। পাব্লিকলি প্রচার করা হবে কেন ফেডারেশন থেকে?
হ্যাঁ, অবশ্যই ফেডারেশনও প্রতিবাদ করার অধিকার রাখে শুভর আচরণের অথবা তাদের ব্যাখ্যা দিবে এ নিয়ে। সেক্ষেত্রে সাংবাদিক সম্মেলনই সবচাইতে গ্রহণযোগ্য উপায় ছিলো।
সবশেষে আরেকটা ভিডিও দেখলাম যেখানে ব্যারিস্টার সুমনের ক্যামেরায় ঢুকেছেন শুভ। সুমনের নিজস্ব ভিডিওতে তিনি উচ্চকণ্ঠে, আবেগঘন হয়ে ফেডারেশনের দূর্নীতির প্রতিবাদ করেছেন, বিচার চেয়েছেন। পাশাপাশি পুরষ্কারে লাথি মারার জন্য দুঃখ প্রকাশও করেছেন।
"সমাজ দরদী" হিসেবে সেলেব্রিটি হয়ে ওঠা ব্যারিস্টার সুমন বলেছেন সব ধরনের আইনী সহযোগিতা দিবেন তিনি শুভকে এই ব্যাপারে।
লেখক: সিনিয়র ক্রীড়া বিশ্লেষক
(লেখাটি লেখকের ফেইসবুক ওয়াল থেকে নেওয়া)
