২০২৪ ইউরো কাপের বাছাইয়ে টানা পাঁচ জয় তুলে নিল ফ্রান্স। গতকাল রাতে আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা ২-০ গোলে।
পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচটিতে ফরাসিদের হয়ে গোল করেন অরলিঁয়ে চুয়ামেনি ও মার্কাস থুরাম।
দুই অর্ধে একটি করে গোল পেয়েছে ফ্রান্স। ১৯তম মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনি। আর বদলি নামা থুরাম দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের জয় নিশ্চিত করেন।
চুয়ামেনি গোলটি করেন কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট থেকে। ডানপ্রান্তে ডি বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন এমবাপ্পে। দুজন ডিফেন্ডার পাহারায় রেখেছিল তাকে। সেই সময় বলটা তিনি ব্যাকপাস করে দেন চুয়ামেনিকে। দুরপাল্লার দেখার মতো এক শটে বল জালে জড়ান তিনি। কিছুই করার ছিল না গোলরক্ষকের।
৩৯তম মিনিটে এমবাপ্পে বল জালে জড়ালেও অফসাইটের কারণে গোল মেলেনি। থুরাম যে গোলটি করেন, সেটিতে প্রথম প্রচেষ্টা ছিল এমবাপ্পেরই। তার শট প্রতিহত হলে ফিরতি শটে গোল করেন থুরাম।
টানা পাঁচ জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে ৯ পয়েন্ট। নেদারল্যান্ডস একই দিন গ্রিসকে হারিয়েছে ৩-০ গোলে।
আগামী মঙ্গলবার প্রীতি ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ফ্রান্স। ইউরো বাছাইয়ে তাদের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে, ১৩ অক্টোবর।