শুরু হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্যতিক্রমী শিক্ষা আয়োজন আলোর ইশকুলের ফটোগ্রাফি কোর্সের শিক্ষার্থীদের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘বিজয়পুরের মৃৎশিল্প’। ফটোগ্রাফি কোর্সের অষ্টম আবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাত্ত্বিক ও প্রায়োগিক প্রশিক্ষণ গ্রহণ শেষে বিজয়পুরের মৃৎশিল্পীদের জীবন ও শিল্প তুলে ধরতে এক ফটোপ্রজেক্টে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ৫৪ জন শিক্ষার্থীর নির্বাচিত ৫৪টি আলোকচিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ প্রদর্শনী।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের পাল গোত্রের সদস্যরা বহু বছর ধরে টিকিয়ে রেখেছেন অতিপ্রাচীন এই মৃৎশিল্প। দেশের বিভিন্ন অঞ্চলে ও দেশের বাইরে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও জাপানে যাচ্ছে মাটির তৈরি এসব পণ্য। ফটোগ্রাফি কোর্সের অষ্টম আবর্তনের সদস্যদের আলোকচিত্রে উঠে আসে এসব শিল্পীদের নৈপুণ্য ও শৈল্পিক কৌশল। প্রদর্শনীটি উদ্বোধন করেছেন আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভী। প্রদর্শনীটি চলবে ১৬ জুন ২০২৩ পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীর কিউরেশন করেছেন আলোকচিত্রী কে এম জাহাঙ্গীর আলম।