ইউভেন্তুসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের খাতা খুললেন ক্রিস্তিয়ানো রোনালদো; এগিয়ে গিয়েছিল দলও। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড দারুণভাবে ঘুরে দাঁড়ানো এবং শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে পরাজয়ে পুড়ল সেরি আ চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠে ‘এইচ’ গ্রুপের ম্যাচটিতে ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারে ইউভেন্তুস।
গোলশূন্য প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। ৬৫তম মিনিটে লিওনার্দো বোনুচ্চির উঁচু করে বাড়ান বল দুর্দান্ত ভলিতে জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড।
ক্লাব ফুটবলে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় তুরিনের ক্লাবটির হয়ে এটা রোনালদোর প্রথম গোল। সব মিলিয়ে ১২১টি।
এই ব্যবধান শেষ দিকে ধরে রাখতে পারেনি ইউভেন্তুস। ৮৬তম হুয়ান মাতার দারুণ এক ফ্রি-কিকে সমতায় ফেরে ইউনাইটেড। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে ইউভেন্তুসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্দ্রো আত্মঘাতী গোল করলে রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে জোসে মরিনিয়োর দল।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইউভেন্তুস। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৭।
গ্রুপের আরেক ম্যাচে ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। ১ পয়েন্ট নিয়ে তলানির দল ইয়াং বয়েজ।
