এইবারের মাঠে রিয়ালের বড় হার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০৮:২০ পিএম

তবে কী রিয়াল মাদ্রিদের জন্য সান্তিয়াগো সোলারি অন্তবর্তীকালীন কোচ হিসেবেই ভালো ছিলেন। তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার পর ক্লাবটি যে হারলো প্রথম ম্যাচেই।

এইবারের মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরে হওয়া লা লিগার ম্যাচটিতে ৩-০ গোলে হারে রিয়াল। স্পেনের শীর্ষ লিগে দলটির বিপক্ষে এই প্রথম হারল তারা।

নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে এইবার। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। স্প্যানিশ স্ট্রাইকার কিকে গার্সিয়ার শট রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। পঞ্চদশ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন গার্সিয়া। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় বক্সের মাঝামাঝি থেকে নেওয়া তার হেড।

গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। এগিয়ে যায় ষোড়শ মিনিটে। ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান এইবারের আর্জেন্টাইন মিডফিল্ডার গঞ্জালো এসকালেন্তে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে তারা।

চলতি বছরের ৩১ মার্চ লাস পালমাসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর লা লিগায় এ নিয়ে নিজেদের গত ১১ ম্যাচের সবকটিতেই গোল খেল রিয়াল। ২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৪ সালের মে মাসের পর নিজেদের জাল অক্ষত রাখতে না পারার এটা তাদের দীর্ঘ ব্যর্থতা।

প্রথমার্ধে এগিয়ে থাকার সুবিধা নিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় এইবার। সাত মিনিটের ব্যবধানে দলটির আরও দুই গোলে লড়াই থেকে যেন ছিটকে যায় রিয়াল।

৫২তম মিনিটে গোলপোস্টের বাঁ কোণের নিচ দিয়ে অতিথিদের জালে বল পাঠান এইবারের স্প্যানিশ ফরোয়ার্ড সের্গি এনরিচ। ৫৭তম মিনিটে দলের তৃতীয় গোলটিতেও অবদান রাখেন তিনি। তার পাস থেকে গোলপোস্টের খুব কাছাকাছি থেকে ডান পায়ের শটে গোল করেন স্ট্রাইকার কিকে।

পুরো ম্যাচে তেমন নজরকাড়া ছিল না রিয়ালের খেলা। গোলের উদ্দেশে নেওয়া তাদের নয়টি শটের মধ্যে তিনটি লক্ষ্যে থাকলেও জালে জড়ায়নি কোনোটিই। 

রিয়ালের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম ম্যাচেই হার দেখলে আর্জেন্টাইন কোচ সোলারি। অথচ অন্তবর্তীকালীন কোচ হিসেবে গত চার ম্যাচের সবকটিতেই দলকে জয় এনে দিয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত