মার্কিন চন্দ্রবিজয়ের সত্যতা খতিয়ে দেখবে রাশিয়া

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০৩:৩০ পিএম

যুক্তরাষ্ট্র আসলেই কি চন্দ্রবিজয় করেছিল নাকি গল্প ফেঁদেছে- এমন প্রশ্নের খোলাসা করতে যাচ্ছে রাশিয়া। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে আরটি ডটকম।

মহাকাশযান প্রস্তুত ও পরিচালনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসকসমসের প্রধান দিমিত্রি রগোজেন সম্প্রতি বলেছেন, “রুশ নভোচারীরা চাঁদে ভ্রমণে গেলেই বের হয়ে আসবে যুক্তরাষ্ট্রের চন্দ্রবিজয়ের কাহিনী।” 

সদ্য প্রাক্তন হওয়া এ উপ-প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাঁদে গিয়ে দেখবো তারা (মার্কিন নভোচারী) সেখানে গিয়েছিলেন কিনা। কারণ যুক্তরাষ্ট্র দাবি করে তারা চাঁদে গিয়েছিল, এবার সেটা আমরা যাচাই করে দেখব।”

মস্কোতে মহাকাশযানের ইঞ্জিন নির্মাণ প্রদর্শনকালে তিনি জানান, এখন কোনো দেশই চাঁদে পুরোপুরি সফল অভিযান চালানোর মতো সক্ষম নয়। রাশিয়া আশা প্রকাশ করছে, এ কাজে তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে।

এদিকে চাঁদে অভিযান নিয়ে রুশ প্রজেক্ট রাশিয়ান লুনার প্রোগ্রাম সম্প্রতি এক রোডম্যাপ প্রকাশ করেছে। সেখানে জানা যায়, ২০৩০ সালের শুরুতে রুশ নভোচারীরা চন্দ্র অভিযানে যাবেন। ১৪ দিনের এ অভিযানে প্রথমবারের মত চাঁদে পা রাখবে রাশিয়া।

নভেম্বরের শুরুতে দিমিত্রি জানিয়েছিলেন, ২০২৫ সালের পরে চাঁদে স্থায়ী ঘাঁটি করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাশিয়া। ১৯৬০-৭২ সালের যুক্তরাষ্ট্রের 'এপোলো' প্রোগ্রামের পরবর্তী ধাপ হিসেবে তারা এ কার্যক্রম এগিয়ে নেবে। নানা সুযোগ-সুবিধা নিয়ে অবতার রোবটসহ একটা স্থাপনা থাকবে স্থায়ীভাবে আর সময়ে সময়ে নভোচারীরা সেখানে ভ্রমণ করবেন।

১৯৬৯ সালের ২১ জুলাই মার্কিন নভোচারী নিল অ্যার্মস্ট্রং চাঁদে পা রাখেন। চাঁদে নেমেই তিনি সেই বিখ্যাত বক্তব্য দেন, “এটি একজন মানুষের এক ক্ষুদ্র পদক্ষেপ কিন্তু পুরো মানবজাতির জন্য বিশাল অগ্রযাত্রা।”

তবে যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে সন্দেহ পোষণ করে থাকেন অনেকেই। তাদের মতে, পুরোটাই ছিল নাসা কর্তৃক সাজানো ঘটনা। সোভিয়েত ইউনিয়ন চাঁদে নভোচারী পাঠানোর ঘোষণা দিলে তাদের আগে প্রথম চন্দ্র বিজয়ের কৃতিত্ব নিতে যুক্তরাষ্ট্র এ ঘটনা সাজায় বলে তাদের বিশ্বাস।

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্ট্যানলি কুব্রিক এ সাজানো ঘটনার ভিডিওচিত্র ধারণ করেছিলেন বলে প্রচলিত আছে।

যুক্তরাষ্ট্রের চন্দ্র অভিযান নিয়ে এ বিতর্ক এতবছরও থামেনি। যুক্তিসহকারে এ ঘটনার সন্দেহ প্রকাশ করা হয় এখনও। মজার কথা হল, খোদ যুক্তরাষ্ট্রেই ৭ থেকে ২০ শতাংশ মানুষ এরকমটা মনে করে। আর চলতি বছরের এক জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ রুশ নাগরিক মনে করে মার্কিনরা কখনো চাঁদে ভ্রমণ করেনি। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, চাঁদে অভিযান নিয়ে তাদের কাছে ঢের প্রমাণাদি আছে।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত