মা ‘বিদেশি’, তাই দেশের প্রতি ছেলের ভালোবাসা নেই- কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে এভাবে কটাক্ষ করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়ভর্গিয়া।
ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর কৈলাস টুইটে এমন বিতর্কিত মন্তব্য করেন।
তিনি লিখেছেন, ‘বিদেশি নারীর সন্তান কখনোই দেশপ্রেমিক হতে পারে না। হৃদয়ে থাকতে পারে না জাতীয় প্রেম।’
রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী ইতালিয়ান বংশোদ্ভূত। ‘অন্য দেশে’র মেয়ে হওয়ায় ২০০৪ সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেননি। সোনিয়া সব সময় বলেন, ভারতের পুত্রবধূ হলেও এই দেশকে সব সময় তিনি নিজের দেশ মনে করেন।
বিজেপি নেতা অবশ্য সমালোচনার মুখে নিজের বিতর্কিত টুইটটি ডিলিট করে দিয়েছেন। কিন্তু এখনো ক্ষমা চাননি।
কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী কৈলাসের টুইটের জবাব দিয়েছেন। ব্যঙ্গ করতে ছাড়েননি তিনিও, ‘তার (কৈলাসের) মানসিক চিকিৎসা দরকার। মধ্যপ্রদেশে নির্বাচনে হারার পর গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।’
কৈলাস মধ্যপ্রদেশে বিজেপির নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখেন। সেখানে তার দল কংগ্রেসের কাছে হেরেছে।
বিতর্কিত মন্তব্য করা কৈলাসের পুরোনো অভ্যাস। ধর্ষণের জন্য মেয়েদের পোশাকের ভূমিকার কথা উল্লেখ করে একবার সমালোচিত হয়েছিলেন তিনি।
