কুমিল্লায় ফখরুল ধানের শীষের জোয়ার দেখে আ.লীগ দিশেহারা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

বিএনপির প্রতি জনসমর্থনের কথা জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের আশা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার কুমিল্লার দাউদকান্দিতে এক পথসভায় তিনি বলেন, ‘সারা দেশে ধানের শীষের গণজোয়ার দেখে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগ দিশেহারা। ৩০ তারিখের নির্বাচন বানচাল করতে তারা পাঁয়তারা করছে। আপনারা বিচলিত হবেন না, ধৈর্যের সাথে প্রতিকূল অবস্থা মোকাবিলা করুন। জয় আমাদের সুনিশ্চিত।’

নির্বাচনী প্রচার চালাতে গতকাল সকালে রাজধানীর গুলশান কার্যালয় থেকে কুমিল্লার দিকে রওনা দেন বিএনপি মহাসচিব। পথে দাউদকান্দি বিশ্বরোডে পথসভায় কুমিল্লা-১ ও ২ আসনে ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশাররফকে ভোট দিয়ে জয়ী করতে ভোটারদের আহ্বান জানান। দুপুরে চান্দিনায় (কুমিল্লা-৭) রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আরেক সভায় জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী রেদওয়ান আহমেদের পক্ষে প্রচার চালান তিনি। কুমিল্লা-১০ আসনে দলের প্রার্থী কারান্তরীণ মনিরুল হক চৌধুরীর পক্ষেও ভোট চান ফখরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত