বিএনপি-আ’লীগের নির্বাচনী অফিসে পাল্টাপাল্টি ভাঙচুর

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১০:১১ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী অফিসে পাল্টাপাল্টি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নির্বাচনী অফিস সংলগ্ন দোকানদার মোহাম্মদ মোস্তফা বলেন, “হঠাৎ ১০/১২ জন এসে আওয়ামী লীগের অফিসে প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে। এ সময় আমি দ্রুত দোকানে ঝাঁপ বন্ধ করি।”

ওই সময় বিদ্যুৎ ছিল না। কে বা কারা জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনের মোটরসাইকেলে আগুন দেয় তা দেখা যায়নি বলে জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপির নির্বাচনী অফিস আওয়ামী লীগের কর্মীরা ঢুকে হামলা করে। এরপর অফিসের পাশে রাখা সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনের মোটরসাইকেলটিতে আগুন দেয় আওয়ামী লীগ কর্মীরা।

এছাড়া ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিনের মোটরসাইকেলসহ দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও জানান তিনি।

হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিএনপির এই নেতা।

image

তবে এ ব্যাপারে পাল্টা অভিযোগ করেন জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাল মাস্টার বলেন, “বিএনপি নেতা লিটনের নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী আওয়ামী লীগের নির্বাচনী অফিসে এসে ভাঙচুর করে। এরপর নিজের মোটরসাইকেলে নিজেই আগুন লাগিয়ে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করে।”

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় তদন্ত চলছে।

তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি (অপারেশন) গোলাম মর্তুজা।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত