উড়ন্ত বিএমডব্লিউ’র কথা শুনে উত্তেজনাপূর্ণ কিছু মনে করলেও ঘটনাটি ছিল রক্ত হিম করার মতো। টানেলের উপরিভাগে গিয়ে আঘাত করে দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটি। তবে বেঁচে গেছেন চালক। নাটকীয় ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে গেছে।
গত বৃহস্পতিবার ভোরে স্লোভাকিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোরিক টানেলের মুখে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
ফেসবুকে স্লোভাক পুলিশের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির বিএমডব্লিউটি টানেলের মুখের সড়কে ফুটপাতের উঁচু অংশের সঙ্গে ধাক্কা খেয়ে উড়তে থাকে। একপর্যায়ে সেটি টানেলের উপরিভাগের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে উল্টে পড়ে।
স্থানীয় পুলিশ ফেসবুক পোস্টে জানিয়েছে, গাড়িতে কেবল চালকই ছিলেন। ৪৪ বয়সী ওই ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
পরীক্ষার পর জানা গেছে, চালক নেশা করেনি। তবে ওই সময় হয়তো ঘুমিয়ে পড়েছিলেন তিনি।
দুর্ঘটনাকবলিত বিএমডব্লিউ অন্য কোনো গাড়িকে আঘাত করেনি। পেছনে আসা অন্য একটি গাড়ি গতিয়ে কমিয়ে বিপদ সংকেত নির্দেশক বাতি জ্বালিয়ে অন্য গাড়িগুলোকে সতর্ক করে।
ফেসবুকে পুলিশের পোস্ট করা দুর্ঘটনার ভিডিওটি ২৩ লাখ বার দেখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ির দুটি ছবিও পোস্ট করা হয়। এতে দেখা যায়, বিএমডব্লিউ গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
