আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট না দিলে জাতি হিসেবে টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে ঠাকুরগাঁও-১ আসনে নিজ নির্বাচনী এলাকা বলিতাপাড়া মাদ্রাসা মাঠে এমন মন্তব্য করে তিনি।
মির্জা ফখরুল বলেন, এই সরকার ঘরে ঘরে চাকরি দেবে বলেছিল। চাকরি নাই, দিয়েছে মামলা আর হামলা। জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিতদের চাকরি দেবে। আর চাকরি যতদিন হবে না, ততদিন বেকার ভাতা দেবে।
তিনি বলেন, কৃষক ভাইদের সারের দাম কমানো হবে। ধানের ন্যায্য দাম যেন তারা পান, সে ব্যবস্থা করব।
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, এই সরকার ক্ষমতায় বসে নির্বাচন করছে। এটি যেন শিয়ালের কাছে মুরগি আদি (বর্গা) দেওয়ার মতো।
প্রশাসন ও ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি বা দলের হয়ে কাজ করবেন না। জনগণের কল্যাণে কাজ করবেন। অন্যায় আদেশ মেনে নেবেন না।
এসময় মির্জা ফখরুল বলেন, ধানের শীষে ভোট না দিলে জাতি হিসেবে টিকে থাকা যাবে না। এবার শেষ লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে হবে।
তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে প্রথম আমরা দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব। তারপর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।”
