কুমিল্লায় আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৩০ পিএম

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সভা স্থলে উপস্থিত আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিএনপি ও এলডিপিকে দায়ী করে মামলা করেছে আওয়ামী লীগ।

শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ২টি ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। পরে রাত সাড়ে ১২টায় উপজেলা তাঁতি লীগ আহ্বায়ক এবং মাধাইয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল হালিম বাদী হয়ে বিএনপি ও এলডিপি’র ৬৩জনের নাম উল্লেখ করে এবং ২০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মামলার বাদী আব্দুল হালিম জানান, রাত সাড়ে ৭টায় তাদের নির্বাচনী কার্যালয়ে সভা চলাকালীন সময়ে ৩টি মাইক্রোবাস যোগে দুর্বৃত্তরা এসে ধানের শীষের মিছিল দিয়ে ২টি ককটেল বিস্ফোরণ করে। এতে সভা স্থলে উপস্থিত আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হয়। আহত হলেন- নাওতলা গ্রামের মৃত আবদুর রশিদ এর ছেলে উপজেলা তাঁতিলীগ নেতা মো. আবদুল কাদের (৩৫), যুবলীগ নেতা ওযায়ের আহমদ (২২), ইব্রাহীম খলিল (১৮), রুহুল আমিন (৪০), মোসলেম (৬০)। আহতদের চান্দিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ আবুল ফয়সল জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিস্ফোরিত দুটি ককটেলের আলামত এবং অবিস্ফোরিত ৯টি ককটেল উদ্ধার করি। পরে ওই ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে আব্দুল হালিম মেম্বার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত