কিশোরগঞ্জ- ২ আসনে (পাকুন্দিয়া-কটিয়াদি) নির্বাচনী প্রচারণার সময় পুলিশের লাঠিপেটায় বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আহত হয়েছেন। এ সময় তার ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশের ওপর হামলার ঘটনায় রনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
বিএনপি নেতাকর্মীরা জানান, কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন প্রচারণা চালানোর সময় পুলিশ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের লাঠিপেটায় আখতারুজ্জামান রঞ্জন আহত হন।
অন্যদিকে ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, প্রচারণাস্থলে পুলিশের উপস্থিতি দেখে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ সময় বিএনপি প্রার্থী আখতারুজ্জামান রঞ্জনের ছেলে সাব্বির জামান রনিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
