গাজীপুরে শ্রমিক কলোনির ১৮৩ ঘর পুড়ে ছাই

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০১:১৮ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে শ্রমিক কলোনির ১৮৩টি ঘর ও মালামাল।

বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সাভারের ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, ভোরে আনোয়ারা বেগমের মালিকানাধীন কাশিমপুরের চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন মুহূর্তেই আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ ৭ জনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইপিজেড ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আগুনে ওই সব কলোনির টিন দিয়ে তৈরি ১৮৩টি কক্ষ (ঘর) ও আসবাবপত্র পুড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা। অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত