রোহিঙ্গা সমস্যা

জাতিসংঘে সমাধানের প্রস্তাব সমর্থন করবে না রাশিয়া

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ এএম

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগন্যাটোভ বলেছেন, রোহিঙ্গা সমস্যার সামগ্রিক সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব করা হলে রাশিয়া তার সমর্থন করবে না। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ-মিয়ানমার যে চুক্তি স্বাক্ষর করেছে, সেটি বাস্তবায়ন হওয়া উচিত। রাখাইনে সংঘটিত সহিংসতার সত্যিকারের অনুসন্ধান হওয়া উচিত। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পূর্ণ ভিন্ন বিষয়।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) অনুষ্ঠিত ‘বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ৪৭ বছর’ শীর্ষক এক সেমিনারে আলেকজান্ডার ইগন্যাটোভ এ কথা বলেন।

তিনি এ প্রসঙ্গে আরো বলেন, ব্রিটেন প্রস্তাবিত যে রেজ্যুলেশনটি নিয়ে আমরা আলোচনা করছি, সেটি আমরা এক শতাংশও সমর্থন করি না। এতে রোহিঙ্গা সমস্যার সমাধানের কোনো উপায় নেই।

ইগন্যাটোভ বলেন, এ বিষয়ে অনেক দেশের অনেক অবস্থান আছে, আমরা চীনের নীতিতে সমর্থন করি। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে বিষয়টি দ্রুত সমাধান হবে না। বরং এতে আরো বেশি সমস্যা তৈরি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রধান অতিথি ছিলেন।

সম্পদনা : উম্মুল ওয়ারা সুইটি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত