স্টিকার লাগিয়ে মোটরবাইক চলবে সাংবাদিকদের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪১ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের দিন সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) স্টিকার লাগিয়ে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য এরই মধ্যে সাংবাদিকদের কার্ড ও স্টিকার দেওয়া হয়েছে। তাদের নিজস্ব মোটরসাইকেল কিংবা যানবাহনে সাংবাদিকরা স্টিকার লাগিয়ে ভোটের দিন খবর সংগ্রহ করতে কেন্দ্রে কেন্দ্রে যেতে পারবেন।

গত ২১ ডিসেম্বর সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করে নির্বাচন কমিশন। এতে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করা নিষেধাজ্ঞা জারি করা হয়। নীতিমালায় ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে ছবি তোলা, ভিডিও করা ও তথ্য সংগ্রহ করতে পারার কথা বলা আছে। তবে একসঙ্গে একাধিক সাংবাদিক একই ভোটকেন্দ্রের একই ভোটকক্ষে একসঙ্গে প্রবেশ করতে পারবেন না। এমনকি ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি প্রচার করা যাবে না।

ইসির যুগ্ম সচিব (জনসংযোগ শাখা) এস এম আসাদুজ্জামানের স্বাক্ষরিত ওই নীতিমালায় সাংবাদিকদের জন্য এক ডজনেরও বেশি দিকনির্দেশনা দেওয়া হয়। ইসির এমন সিদ্ধান্তে ক্ষোভ জানান সাংবাদিকরা। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও সম্পাদক পরিষদ পৃথক বিবৃতিতে এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ইসিকে আহ্বান জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত