নাশকতা করতে পারে বিএনপি-জামায়াত: আওয়ামী লীগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৪ পিএম

ভোট চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সারা দেশে নাশকতা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যন এইচ টি ইমাম।  শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আমাদের কাছে এমন খবর আছে, বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে।  আগামীকাল (আজ) সারা দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে।  এমনকি ভুয়া ব্যলট পেপার তৈরি করে ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করতে পারে। ’ তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে দেখেছি, নোয়াখালীতে নির্বাচনকে বানচাল করার জন্য কিছু সরঞ্জাম পুলিশ জব্দ করেছে।  এখানে স্থানীয় বিএনপি প্রার্থী মওদুদ আহমেদ নির্বাচনের দিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আগাম অভিযোগপত্র প্রিন্ট করে রেখেছেন। ’

নির্বাচনের আগের দিনই ব্যলট বাক্সগুলো সরকারি দল ভরে রাখছে—জাতীয় ঐক্যফ্রন্টের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, ‘এটি এতই হাস্যকর।  কেননা ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশন থেকে সশস্ত্র বাহিনীর প্রহরায় তারা নিয়ে যাচ্ছেন।  যেখান থেকে নেওয়া হচ্ছে, সেখানে আমাদের যাতায়াত তো দূরের কথা, প্রবেশাধিকারই নেই। ’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত