৩০ ডিসেম্বরের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবিতে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের পরদিন গত সোমবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে আজ সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনে দলের যে ৩০০ প্রার্থী ছিলেন তাদের বৈঠক হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গতকাল বুধবার প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নির্বাচনে অনিয়মের প্রমাণসহ বৈঠকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সকালে এই বৈঠক শেষে বিকেলে ইসিতে যাওয়ার কথা রয়েছে প্রার্থীদের।
এজন্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে গতকাল ঢাকা আসতে শুরু করেন। বিএনপির যুগ্ম মহাসচিব নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান দেশ রূপান্তরকে জানান, গতকাল দুপুরে তিনি ঢাকা রওনা করেন।
