নেত্রকোনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার সকাল ৮টায় নেত্রকোনার সদর উপজেলার নেত্রকোনা-মদন সড়কের গদাইকান্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় হাবিবা (১২) নামে এক শিশুসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন মা তানিয়া আক্তার (৩০) ও তার ছেলে মোমেন (৬)। নিহতেরা আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ও সন্তান। এদিকে গুরুতর আহত হাবিবা দুর্ঘটনায় নিহত তানিয়া আক্তারের শিশুকন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে নেত্রকোনা থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আটপাড়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক মদন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস লক্ষীগঞ্জের গদাইকান্দা নামক স্থানে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আটোযাত্রী তানিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা তানিয়ার ছেলে ও মেয়েকে মুমূর্ষু অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু মোমেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাবিবাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া আটপাড়ার উপজেলার সোনাজুর গ্রামের প্রিয়া (১৫) ও ঝুমা (২০) আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।
নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহানউদ্দিন খান বলেন, ঘটনার পর পরই বাসটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আটকের চেষ্টা চলছে।
