এবারই প্রথম মন্ত্রিসভায় এলেন গোপালগঞ্জের অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। টেকনোক্র্যাট কোটা থেকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে তাকে। তিনি আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। দেশ রূপান্তরকে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, প্রথমে আমি সবার কাছে দোয়া চাই, যেন এই পবিত্র দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। পাশাপাশি সবার সহযোগিতা চাই। দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক পদক্ষেপ কী হবে? এমন প্রশ্নে তিনি বলেন, ধর্মীয় বিষয়ে যেখানে যতটুকু দায়িত্ব পালনের প্রয়োজন আমি তার সবই করব। তবে, এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের সব কাজ সম্পর্কে আমি অবহিত নই, দায়িত্ব নিয়ে আগে আমার কাজ সম্পর্কে অবহিত হব। মন্ত্রণালয়ের যেসব কাজ রয়েছে তা যেন জবাবদিহিমূলক, সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য করে উপস্থাপন করা যায়, আমি সেই চেষ্টা করব।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, যেহেতু আমি ধর্ম প্রতিমন্ত্রী, তাই সব ধর্মের মানুষের প্রতি সশ্রদ্ধচিত্তে তাদের যার যার ধর্ম পালনের সুযোগ সৃষ্টি করব।
