চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল সোমবার ভোরে কোতোয়ালি থানার আর সি চার্চ রোড এলাকা থেকে সাবকাত আহমেদ (২১) নামে এই হিযবুত সদস্যকে আটক করা হয়। সে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখাগুলোর আমির বলে জানিয়েছে পুলিশ।
মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসেন দেশ রূপান্তরকে বলেন, অভিযানের সময় সাবকাতের সঙ্গে থাকা পাঁচ-ছয়জন হিযবুত সদস্য পালিয়ে যায়। তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বিভিন্ন পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে। সাবকাতকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া অন্য হিযবুত সদস্যদের আটকের চেষ্টা চলছে। নগরীর আর সি চার্চ রোডের ফিরিঙ্গীবাজার এলাকার কাউসার আহমেদ চৌধুরীর ছেলে সাবকাত দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আমিরের দায়িত্বে রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আফতাব।
